অক্ষয়ের মতো দেখতে!
অক্ষয় কুমার, মাজিদ মীর, আশিষ সিং
বিনোদন ডেস্ক: তথ্য প্রযুক্তির এই যুগে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে মুহূর্তেই বিভিন্ন ঘটনা ছড়িয়ে পড়ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আমরা একই রকম দেখতে মানুষের খোঁজ পাই। আর তারা যদি হন তারকাদের মতো দেখতে তাহলে তো কোনো কথাই নেই। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এর আগে বলিউডে অমিতাভ বচ্চন, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রহামের মতো দেখতে ব্যক্তির খোঁজ মিলেছে।
সম্প্রতি এবিসি নিউজের সহযোগী সম্পাদক আশিষ সিং মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘সুনীল গাভাস্কারের কাশ্মীরি ভক্ত মাজিদ মীরের সঙ্গে পরিচিত হন। তিনি প্রার্থনার মতো প্রতিদিন হ্যাটটি পরেন।’
এরপর থেকেই ছবিটি নিয়ে শুরু হয় আলোচনা। কারণ মাজিদ মীর দেখতে অনেকটা অভিনেতা অক্ষয়ের কুমারের মতো।
ছবিটি রি-টুইট করে একজন লিখেছেন, ‘না, তিনি অক্ষয় কুমার, সুনীল গাভাস্কারের বায়োপিকে অভিনয় করছেন।’ অন্য এক ব্যক্তি লিখেছেন, ‘মনে হচ্ছে কেউ একজন অক্ষয়ের ছবিতে ওল্ড ফেস অ্যাপ ব্যবহার করেছেন।’ অপর এক ব্যক্তি টুইট করেছেন, ‘কেউ ফটোশপ করে অক্ষয়ের মাথা বসিয়ে দিয়েছে কি না নিশ্চিত হতে জুম করে দেখলাম।’
অক্ষয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মিশন মঙ্গল। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে সিনেমাটি। এছাড়া হাউসফুল ফোর, গুড নিউজ, লক্ষ্মী বোম্ব, সূর্যবংশী, বচ্চন পান্ডে সিনেমায় দেখা যাবে এ অভিনেতাকে।
রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/মারুফ
রাইজিংবিডি.কম