ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমার বিশ্বজিতের সুরে গাইলেন সেই সুতপা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমার বিশ্বজিতের সুরে গাইলেন সেই সুতপা

লতা মঙ্গেশকরের ‘যা রে যা রে উড়ে যা রে পাখি’সহ বেশ কিছু গানে কণ্ঠ দেন সাতক্ষীরার মেয়ে সুতপা। এই কিশোরীর গাওয়া গানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন অঙ্গনে হইচই পড়ে যায়।

এবার সেই সুতপা গুণী সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের সুরে একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন। ‘মুখোমুখি’ শিরোনামে গানটির কথা লিখেছেন কবির বকুল। সংগীত করেছেন কিশোর। গতকাল বৃহস্পতিবার মগবাজারের একটি স্টুডিতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি নিয়ে একটি ভিডিও তৈরি হয়েছে।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘ফেসবুকে সুতপার গান শুনেছি। লতাজির কঠিন গানও কী সুন্দর করে গেয়েছে! তাকে নিয়ে গান করার কথা প্রথমে ভাবিনি। পরে অনেকেই আমাকে ফোনে বলেছেন তাকে নিয়ে কিছু করা যায় কি না। তাই এই কাজটি করলাম।’

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুতপা। স্কুলে টিফিনের ফাঁকে শিক্ষকদের গান গেয়ে শোনাতো সে। খালি গলায় গাওয়া গান একদিন রেকর্ড করে ফেসবুকে আপলোড করেন শিক্ষক রঞ্জন সরকার। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই, সাবলীলভাবে গাওয়া সেই সুরের মূর্ছনায় মেতে ওঠে নেট দুনিয়া।

কিছু দিন আগে সুতপাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় রাইজিংবিডিতে। এ সময় গানের প্রতি প্রবল আগ্রহের কথা জানিয়ে সুতপা বলেছিল, ‘ছোটবেলা থেকেই আমি গান ভালোবাসি। আমার বাবা-মার ইচ্ছা আমি যেন বড় মাপের শিল্পী হয়ে উঠি। আর এমন ইচ্ছা আমারও। আমার স্যার আমার গান ফেসবুকে ছেড়ে দিলে তা ভাইরাল হয়। তাতে আমার খুব ভালো লেগেছে। আমি উৎসাহ পেয়েছি।’

সুতপার গাওয়া নতুন এ গানটি পূজায় মুক্তি পাবে বলে জানা গেছে।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়