ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথমবার বাবা-ছেলে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথমবার বাবা-ছেলে

অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। হিরোপান্তি সিনেমার মাধ্যমে ২০১৪ সালে বলিউডে তার অভিষেক হয়। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি।

এদিকে অনেকদিন থেকে বাবা-ছেলেকে একসঙ্গে পর্দায় দেখতে চাইছিলেন ভক্তরা। অবশেষে ভক্তদের সেই ইচ্ছা পূরণ হচ্ছে। বাঘি-থ্রি সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন জ্যাকি-টাইগার।

এক বিবৃতিতে বাঘি-থ্রি সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, প্রথম যখন আমরা টাইগারকে সিনেমায় আনলাম, তখন থেকেই সবাই তার বাবার সঙ্গে তাকে দেখতে চাইছিলেন। এ বিষয়ে অনেক গুঞ্জন শোনা গেছে কিন্তু গত ছয় বছরে কোনোটিই সত্যি হয়নি। তারা চাইছিলেন শুধুমাত্র গল্পের প্রয়োজনেই একসঙ্গে পর্দায় দেখা দেবেন।

এই নির্মাতা আরো বলেন, পরিচালক আহমেদ ও আমার মনে হয়েছে, বাঘি-থ্রি সিনেমার গল্পে জ্যাকিকে প্রয়োজন। সিনেমার জন্য চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ভাবনা তাদের সঙ্গে মিলে গেছে এবং তারা রাজি হয়েছে। আশা করছি কেউ হতাশ হবেন না এবং আমরা ভালো সাড়া পাব।

জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দেয়ার সঙ্গে সঙ্গেই রাজি হন জ্যাকি শ্রফ। ইতোমধ্যে এর শুটিংও শুরু করেছেন এই অভিনেতা।

বাঘি-থ্রি পরিচালনা করছেন আহমেদ খান। টাইগার ছাড়াও অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর, অঙ্কিতা লোকান্ডে, রিতেশ দেশমুখ প্রমুখ। আগামী ৬ মার্চ এই সিনেমা মুক্তি পাবে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়