ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জোর করে ঠোঁটে চুম্বন করেছিলেন কমল হাসান’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জোর করে ঠোঁটে চুম্বন করেছিলেন কমল হাসান’

দক্ষিণী সিনেমার বর্ষীয়াণ অভিনেত্রী রেখার ঠোঁটে জোরপূর্বক চুম্বন করার অভিযোগ উঠেছে দক্ষিণী সিনেমার আরেক সুপারস্টার কমল হাসানের বিরুদ্ধে। একটি সিনেমার শুটিং চলাকালীন এ ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

‘পুন্নাগাই মান্নান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন কমল হাসান ও রেখা। এ সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ এ ঘটনা ঘটেছিল বলে ভারতীয় একটি টেলিভিশন সাক্ষাৎকারে জানান রেখা। এরপর থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বড় একটি অংশ রেখার সমর্থনে মুখ খুলেছেন।

রেখা বলেন—‘জোর করে ঠোঁটে চুম্বন করেছিলেন কমল হাসান। দৃশ্যের শট শেষ হওয়ার পর আমাকে জানানো হয়েছিল যে, গল্প এবং চরিত্রের প্রয়োজনে এটা করা হয়েছে। কিন্তু এই দৃশ্য চিত্রনাট্যে ছিল না। কিংবা আমাকে আগে এ বিষয়ে জানানো হয়নি। কিন্তু এই দৃশ্যের আগে কেন আমাকে কিছু জানানো হলো না?’

১৯৮৬ সালের ১ নভেম্বর মুক্তি পায় ‘পুন্নাগাই মান্নান’ সিনেমা। দীর্ঘ তিন দশক পর কেন এমন অভিযোগ? রেখা জানান, তখন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কমল হাসান বেশ ডাকসাইটে অভিনেতা ছিলেন। এজন্য তাকে ঘাঁটানোর চেষ্টা করেননি। রেখা বলেন, ‘এই সিনেমার শুটিংয়ের সময় আমার বয়স ছিল ১৬ বছর। ইন্ডাস্ট্রিতে নতুন। ফলে আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন কেউ মনে করেননি। ওই দৃশ্যের শুট হওয়ার পর লজ্জায় মাথা নিচু হয়ে গিয়েছিল। পর্দায় আমার চুম্বন দৃশ্য দেখে বাবা কী মনে করবেন, তা ভেবেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম।’

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি কমল হাসান।



ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়