কনের বাড়িতে বর নয়, আসছে লাশ!
আলোকসজ্জায় সজ্জিত কনের বাড়ি। নাচ-গানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমন্ত্রিত অতিথিরা বরের অপেক্ষায়। খানিক বাদে আসবে বরকে বহনকারী গাড়িটি। কিন্তু বর নয়, আসছে বরের লাশ! মুহূর্তেই বিয়ে বাড়ি স্তব্ধ হয়ে যায়। চারিদিকে শুরু হয় শোকের মাতম। এটা বাস্তব জীবনের কোনো ঘটনা নয়, ‘এটা আমাদের গল্প’ সিনেমার দৃশ্য।
এ সিনেমায় বরের চরিত্রে অভিনয় করছেন কলকাতার শ্বাশত চ্যাটার্জি। এদিকে পাড়ার চায়ের দোকানির চরিত্রে দেখা যাবে খরাজ মুখার্জি ও গৌতম সাহাকে। তাদের সঙ্গে শ্বাশত চ্যাটার্জির খুব ভালো সম্পর্ক। কী কারণে বিয়ের দিন বরের মৃত্যু হলো তা জানতে দেখতে হবে সিনেমাটি।
এ সিনেমার শুটিং করতে বাংলাদেশের টিভি পর্দার জনপ্রিয় তারকা তারিন, অভিনেতা-কোরিওগ্রাফার গৌতম সাহা, হক বারিশ কলকাতায় অবস্থান করছেন। এ প্রসঙ্গে গৌতম সাহা বলেন, ‘কলকাতার কণিনীকা, খরাজ মুখার্জি, অপরাজিতাসহ অনেকের সঙ্গে কাজ করছি। বাংলাদেশ থেকে তারিন জাহান, বারিশ, মাহবুব কাজ করছেন। সকলের সঙ্গে কাজ করে বেশ ভালো লাগছে। তারিনের বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন দেবদূত ঘোষ। তিনি কলকাতার দুই পর্দার পরিচিত মুখ।’
‘এটা আমাদের গল্প’ সিনেমা পরিচালনা করছেন মানসী সিনহা। প্রযোজনা করছেন শর্মিষ্ঠা ঘোষ এবং দীপংকর ব্যানার্জি। ঢাকা ও কলকাতার দুই পরিবারের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এ প্রসঙ্গে তারিন বলেন, ‘গল্পটি কলকাতার হলেও আমার চরিত্র বাংলাদেশি এক মেয়ের। এতে আমার বিপরীতে অভিনয় করবেন দেবদূত ঘোষ। দুই বছর আগে এই অভিনেতার সঙ্গে ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছিলাম। পরিচালক নিজেও একজন সু-অভিনেত্রী। সব মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’
ভারতের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ও সংস্করি হাউজের প্রযোজনায় এ সিনেমার কাজ শেষ করে শিগগির ঢাকায় ফিরবেন বাংলাদেশের অভিনয়শিল্পীরা।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত/নাসিম
রাইজিংবিডি.কম