ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অ্যাভাটার সিক্যুয়েলে খরচ ৮ হাজার কোটি টাকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অ্যাভাটার সিক্যুয়েলে খরচ ৮ হাজার কোটি টাকা

অ্যাভাটর টু সিনেমার ফার্স্ট লুক

জেমস ক্যামেরন পরিচালিত সাড়া জাগানো সিনেমা অ্যাভাটার। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার চারটি সিক্যুয়েলের নির্মাণ কাজ চলছে। এতে ব্যয় হচ্ছে ১ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫২৮ কোটি টাকা।

২০১৭ সালে অ্যাভাটার সিনেমার সিক্যুয়েলের শুটিং শুরু হয়। এর দৃশ্যধারণের কাজ হচ্ছে নিউজিল্যান্ডে। কিন্তু করোনাভাইরাসের কারণে মাঝে শুটিং বন্ধ হয়ে যায়। সম্প্রতি দেশটিতে শুটিংয়ের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে আবারো কাজ শুরুর পরিকল্পনা করেন নির্মাতারা।

অ্যাভাটার সিনেমাটি মুক্তির এক বছর পর এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেন জেমস ক্যামেরন। তখন তিনি জানান, এ সিক্যুয়েলগুলো মুক্তি পাবে যথাক্রমে ২০১৪ ও ২০১৫ সালে। কিন্তু ২০১২ সালে প্রযোজক জন ল্যানডাউ জানান, ২০১৪ সালের মধ্যে সিনেমা মুক্তি দেয়া সম্ভব নয়। এরপর মুক্তির তারিখ পিছিয়ে ২০১৬ সালের ডিসেম্বরে করা হয়।

পরবর্তী সময়ে ২০১৬ সালের এপ্রিলে, নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, অ্যাভাটার সিনেমার চারটি সিক্যুয়েল নির্মাণ হবে। এর প্রথম সিক্যুয়েল মুক্তি পাবে ২০১৮ সালে এবং পরবর্তী সিক্যুয়েলগুলো যথাক্রমে ২০২০, ২০২২ ও ২০২৩ সালে মুক্তি দেয়া হবে। কিন্তু এর এক বছর না পার হতেই এক সাক্ষাৎকারে পরিচালক জেমস ক্যামেরন জানান, ২০১৮ সালেও মুক্তি পাচ্ছে না অ্যাভাটার-টু। এর এক মাস পরই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, অ্যাভাটার-টু সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের ১৮ ডিসেম্বর। এরপর ২০২১ সালের ১৭ ডিসেম্বর অ্যাভাটার-থ্রি, ২০২৪ সালের ২০ ডিসেম্বর অ্যাভাটার-ফোর এবং ২০২৫ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পাবে অ্যাভাটার-ফাইভ

কিন্তু এরপর আরেক দফা তারিখ পেছান নির্মাতারা। জানানো হয়, অ্যাভাটার-টু সিনেমা মুক্তি পাবে ২০২১ সালের ১৭ ডিসেম্বর। নতুন ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর অ্যাভাটার-থ্রি, ২০২৫ সালের ডিসেম্বরে অ্যাভাটার-ফোর ও ২০২৭ সালের ডিসেম্বরে অ্যাভাটার-ফাইভ মুক্তি পাবে।

টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের ব্যানারে তৈরি হচ্ছে অ্যাভাটার সিক্যুয়েল। এখন পর্যন্ত এই স্টুডিওর ব্যানারে নির্মিত সবচেয়ে খরুচে সিনেমা সিরিজ হতে যাচ্ছে এটি। এতে অভিনয় করছেন জো সালদানা, স্যাম ওর্থিংটন, সিগোর্নি ওয়েভার, স্টেফেন লাং, কেট উইন্সলেট, ভিন ডিজেল প্রমুখ। জেমস ক্যামেরনের সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন জশ ফ্রাইডম্যান, রিক জাফা, অ্যামান্ডা সিলভার এবং শেন সেলার্নো।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়