ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলামে তুলতে চান ন্যানসি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলামে তুলতে চান ন্যানসি

নাজমুন মুনিরা ন্যানসি

মহামারি করোনাভাইরাসের তাণ্ডব শুরুর দিক থেকে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

এবার করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গোল্ড মেডেল নিলামে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন এই শিল্পী। সম্প্রতি ময়মনসিংহ থেকে একটি টেলিভিশন লাইভ শোতে অংশ নিয়ে এই ইচ্ছার কথা জানান তিনি।

এ প্রসঙ্গে ন্যানসি বলেন—আমি জানতে পেরেছি অনেক শিল্পী তাদের প্রিয় জিনিস নিলামে দিচ্ছেন। আমিও অনেক কিছু খোঁজলাম, এত বছরের ক্যারিয়ারে আমার কাছে দুর্লভ বা যে জিনিস হয়তো আর জীবনে পাব না এমন কী রয়েছে! পরে ভেবে দেখলাম, আমার কাছে একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার আছে। এখন পর্যন্ত এটি-ই আমার সর্বোচ্চ প্রাপ্তি।

তিনি আরো বলেন—জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চারটি জিনিস দেওয়া হয়। তাহলো—ক্রেস্ট, গোল্ড মেডেল, সার্টিফিকেট ও নগদ ৩০ হাজার টাকা। ৩০ হাজার টাকা তো খরচ করে ফেলেছি। এখন বাকি তিনটি জিনিসের মধ্যে শুধু সার্টিফিকেটটা যদি আমার কাছে থেকে যায় তাহলেই অনেক। এখন গোল্ড মেডলটা যদি নিলামে তুলতে পারতাম তবে নিশ্চয়ই ভালো পরিমানের অর্থ পাওয়া যেত। যা অসচ্ছল মানুষকে দেওয়া যেত।

২০১১ সালের ‘প্রজাপতি’ চলচ্চিত্রে ‘দুদিকে বসবাস’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় পুরস্কার পান ন্যানসি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়