‘ছবিটির ছোট্ট একটি গল্প আছে’
ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন কাজী মারুফ
‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ চিত্রনায়ককে এক সময় নিয়মিত রুপালি পর্দায় দেখা যেত। কিন্তু দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন তিনি।
সর্বশেষ মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ সিনেমায় দেখা যায় তাকে। বর্তমানে স্ত্রীকে নিয়ে আমেরিকায় অবস্থান করছেন। দূর পরবাসে বসে শৈশবের স্মৃতি রোমন্থন করছেন তিনি। তার ফেসবুক ওয়ালে সে চিত্র দেখা যায়।
কাজী মারুফ তার বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন—এই ছবির ছোট্ট একটি গল্প আছে। ছবিটা তোলা হয়েছিল চাঁদ রাতে, আমার প্রথম ঈদের জামা পরা ছবি, পাঞ্জাবি আর টুপিটা আমার মা বানিয়েছিল। তখন আমার পরিচিতরা আমাকে খোকন সোনা বলে ডাকতো।
এ নামে ডাকার কারণ ব্যাখ্যা করে মারুফ লিখেন—আমার ৮ মাস বয়সে আমার আব্বা একটা চলচ্চিত্ৰ নির্মাণ করেছিলেন তার নাম ছিল ‘খোকন সোনা’, ওই ছবিতে একটা গানও ছিল (খোকন সোনা)। এই গান সুর করেছিলেন আমার বড় মামা। গানটিতে কণ্ঠও দিয়েছিলেন বড় মামা আজাদ রাহমান।
‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন কাজী মারুফ। কাজী হায়াৎ পরিচালিত এ চলচ্চিত্র মুক্তি পায় ২০০২ সালে। প্রথম সিনেমায় অভিনয় করেই তার হাতে উঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত
রাইজিংবিডি.কম