ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘হুট করেই বিয়েটা করে ফেলেছি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২০
‘হুট করেই বিয়েটা করে ফেলেছি’

বাগদানের আংটি বদলের পর বরের সঙ্গে তানিন

বিয়ে করলেন লাক্স তারকা অভিনেত্রী তানিন তানহা। গত ১২ জুলাই পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তার বরের নাম সাঈদ রাফিদ।

তানিন তানহা রাইজিংবিডিকে বলেন—করোনা প্রকোপের সময়ে বাসা থেকে বাবা-মা বিয়ের বিষয়ে চাপ দিচ্ছিলেন। এরপর একদিনের মধ্যে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। তারপর দুই পরিবারে বিষয়টা জানাই। একেবারে হুট করেই বিয়েটা করে ফেলেছি।

২০১৮ সালের অক্টোবরে সাঈদ রাফিদের সঙ্গে প্রথম পরিচয় তানিন তানহার। তারপর টুকটাক হায়-হ্যালো হতো তাদের। সময়ের সঙ্গে পরস্পরের প্রতি টান অনুভব করেন তারা। এরপর ভালোলাগার কথা প্রকাশ করেন এই যুগল। এবার সেই প্রেম পরিণয় পেলো।
 
রামপুরার মহানগর এলাকায় তানিন তানহা তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন। সেখানে দুই পরিবারের সদস্যের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগামী জানুয়ারিতে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করা হবে।

দোয়া প্রার্থনা করে তানিন বলেন—আমরা সমবয়েসি। নতুন জীবনে পা দিয়েছি। বাকি জীবনটা যেন একসঙ্গে আনন্দের সঙ্গে কাটাতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সাঈদ রাফিদ মিডিয়ার কেউ নন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইটি বিভাগে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি যশোরে।

কুয়াকাটায় জন্মগ্রহণ করেন তানহা তানিন। তবে বেড়ে উঠেছেন গাজীপুরে। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০১৪ সালে অনেকটা কৌতূহল থেকেই লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান তিনি। এ প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলেন তানিন। পরবর্তীতে ‘লাইফ ইন মেট্টো’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় এই অভিনেত্রীর।

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তানিন। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রিয়াঙ্কা’। গত বছরের শেষের দিকে চলচ্চিত্রটির শুটিং শেষ করেছেন। ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ চলচ্চিত্রে অভিনয় করছেন তানিন। সরকারি অনুদানের এ সিনেমা পরিচালনা করছেন হোসনে মোবারক রুমি। এছাড়া অভিনেতা মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ সিনেমায় অভিনয় করছেন তানিন। এটিও সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়