ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা মুক্ত হলেন সৌমিত্র চ্যাটার্জি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০১, ১৫ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:০৯, ১৫ অক্টোবর ২০২০
করোনা মুক্ত হলেন সৌমিত্র চ্যাটার্জি

করোনা মুক্ত হলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রখ‌্যাত অভিনেতা সৌমিত্র চ‌্যাটার্জি। বুধবার (১৪ অক্টোবর) দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পরীক্ষা করানো হলে রেজাল্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসায়ও সাড়া দিচ্ছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ‌্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সৌমিত্র চ‌্যাটার্জির শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। এখন শরীরে তেমন জ্বর নেই। তবে শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝেমধ্যে বাইপ্যাপ সাপোর্টও দিতে হচ্ছে। পাশাপাশি কো-মর্বিডিটি ও বার্ধক্যজনিত কারণে সমস্যা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

করোনা সংকটের কারণে দীর্ঘ দিন টলিউড ফিল্মইন্ডাস্ট্রির শুটিং বন্ধ ছিল। সতর্কতা মেনে সম্প্রতি শুটিংয়ের অনুমতি মেলে। যথাযথ সুরক্ষা মেনে শুটিংয়ে ফিরেছিলেন সৌমিত্র। নিজেকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের শুটিং করছিলেন। এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন। গত ৬ অক্টোবর এই শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চ্যাটার্জি। চ্যাটার্জি পরিবারের আদিবাড়ি ছিল বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে। সৌমিত্রর দাদার আমল থেকে চ্যাটার্জি পরিবার নদিয়া জেলার কৃষ্ণনগরে বসবাস শুরু করেন। সৌমিত্র পড়াশোনা করেন—হাওড়া জেলা স্কুল, স্কটিশ চার্চকলেজ, কলকাতার সিটি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। 

১৯৫৯ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে সত্যজিৎ রায় পরিচালিত ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেন তিনি। কবি ও খুব উচ্চমানের আবৃত্তিকার হিসেবে তার দারুণ খ্যাতি রয়েছে। 

২০১২ সালে ভারতের চলচ্চিত্রাঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন সৌমিত্র। ২০০৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ পান তিনি। তাছাড়া ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সংগীত নাটক একাডেমি পুরস্কার, ফিল্ম ফেয়ার পুরস্কারসহ নানা পুরস্কার পেয়েছেন এই শিল্পী। এ ছাড়া দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা তার প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে। উল্লেখযোগ্য হলো—ফ্রান্সের ‘লেজিয়ঁ দ্য নর’ (২০১৮)।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়