রাইজিংবিডিকে শুভেচ্ছা জানালেন আজিজুল হাকিম দম্পতি
‘পজিটিভ বাংলাদেশ’— স্লোগান সামনে রেখে ইতিবাচক সংবাদ পরিবেশন করছে পাঠকপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। সোমবার (২৬ এপ্রিল) পোর্টালটি ৮ম বর্ষপূর্তি উদযাপন করেছে।
এ উপলক্ষে শুভেচ্ছা জানাতে মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এসেছিলেন তারকা দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম। এ সময় রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
রাইজিংবিডির বার্তা, রিপোর্টিং, স্পোর্টস, ফিচার, ওয়েব এবং ইংরেজিসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখে আজিজুল হাকিম বলেন, ‘‘অনলাইন সংবাদমাধ্যম হিসেবে রাইজিংবিডি এরই মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। ‘পজিটিভ বাংলাদেশ’— স্লোগান ধারণ করে প্রতি মুহূর্তের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। আমি আজকের এই শুভক্ষণে রাইজিংবিডির সমৃদ্ধি কামনা করছি। রাইজিংবিডি পরিবারের জন্য অনেক শুভেচ্ছা রইল।’’
ভারপ্রাপ্ত সম্পাদক এম. এম. কায়সারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে নাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম বলেন, ‘রাইজিংবিডি ইতোমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতি মুহূর্তের সংবাদ পাঠকের সামনে নিয়ে আসছে সংবাদমাধ্যমটি। সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিবাদন জানাই। সেই সঙ্গে প্রতি মুহূর্তের বস্তুনিষ্ঠ আরো অনেক বেশি সংবাদ চাই।’
‘পজিটিভ বাংলাদেশ’—স্লোগানটি চমৎকার বলে মন্তব্য করেন জিনাত হাকিম। এই নাট্যব্যক্তিত্ব বলেন, “পজিটিভনেস ধরে রেখে এগিয়ে যাক রাইজিংবিডি। কারণ আমরা সবসময় নানা ধরনের নেতিবাচক ঘটনা দেখে থাকি। যা আমাদের মনন, চিন্তা-ভাবনাকে অন্য দিকে নিয়ে যায়। আমি মনে করি, সবকিছু ইতিবাচক হলে চলার পথটাও মসৃণ হয়। তাছাড়া নতুন প্রজন্ম ভালো কিছু দেখবে। সেই অর্থে ‘পজিটিভ বাংলাদেশ’ স্লোগানটির তুলনা হয় না।”
২০১৩ সালের ২৬ এপ্রিল পথচলা শুরু করে রাইজিংবিডি। দীর্ঘ পথচলায় নিউজ পোর্টালটি এখন কোটি মানুষের প্রিয় সংবাদমাধ্যম। প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ-বিদেশে রাইজিংবিডি’র অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভান্যুধায়ীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান এবং উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম।
পাঠকের চাহিদা অনুযায়ী নিউজ পোর্টালটিতে রয়েছে অনেকগুলো জনপ্রিয় বিভাগ। এ ছাড়া প্রকাশ হচ্ছে বিশেষ দিন উপলক্ষে বিশেষ সংখ্যা। পাঠকের চাহিদা পূরণে নতুন করে যোগ হয়েছে লাইভ প্রোগ্রাম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন পরিকল্পনায় প্রতিদিনই ঋদ্ধ হচ্ছে রাইজিংবিডি।
ঢাকা/শান্ত/মারুফ