হিমির প্রেমিক হতে চান সালমান মুক্তাদির
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সালমান মুক্তাদির ও জান্নাতুল সুমাইয়া হিমি চার বছর পর জুটি বেঁধে অভিনয় করলেন। কোরবানির ঈদ উপলক্ষে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে ‘আমি প্রেমিক হতে চাই’ নাটকে। মিষ্টি প্রেমের গল্পে নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
সম্প্রতি এই নাটকের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। নাটকটি প্রচার হচ্ছে রবি বিঞ্জ অ্যাপে। নাটকটিতে সালমান ও হিমি ছাড়াও অভিনয় করেছেন মাসুম রেজওয়ান, জাকি আহমেদ জারিফ, আলভী প্রীতি, রাসেল আহমেদ, ডিকন প্রমুখ।
পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘ঈদ উৎসবে দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন তেমন একটি নাটক ‘আমি প্রেমিক হতে চাই’। পারিবারিক বন্ধন, বন্ধুত্ব, প্রেম; এসব নিয়ে নাটকের গল্পটি। দর্শক উপভোগ করলেই আমাদের শ্রম স্বার্থক হবে।’
সালমান মুক্তাদির বলেন, ‘অন্য ব্যস্ততার কারণে মাঝে অনেকদিন অভিনয় করা হয়নি। এখন কিছু কাজ করছি। জিয়া উদ্দিন ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ আর হিমির সঙ্গে এর আগেও কাজ করেছি। খুব মজার একটি গল্পের নাটক। ঈদের আনন্দে এটি দর্শকের মনে বাড়তি খুশি যোগ করবে বলে আমার বিশ্বাস।’
‘খুব মজা করে কাজটি করেছি আমরা। মজার কিছু দৃশ্য আছে, সংলাপ আছে। দর্শক বিনোদিত হবেন বলেই আশা করছি।’ বলেন জান্নাতুল সুমাইয়া হিমি।
ঢাকা/রাহাত
রাশিয়া থেকে জ্বালানি কেনায় বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের