কলকাতায় খালার কাছে রানী, স্মৃতিকাতর দেবশ্রী
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
কলকাতায় খালা দেবশ্রীর সঙ্গে রানী মুখার্জি
রানী মুখার্জি বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী হলেও তার সঙ্গে কলকাতার গভীর সম্পর্ক রয়েছে। কারণ তার মা কৃষ্ণা রায়ের জন্ম এই ভূমিতেই। অভিনেত্রী দেবশ্রী রায় সম্পর্কে রানীর খালা। হঠাৎ মুম্বাই থেকে কলকাতায় খালার কাছে ছুটে গেলেন ‘মার্দানি’ তারকা রানী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) কলকাতায় গিয়েছেন রানী মুখার্জি। তাই বোনের কন্যাকে নিয়ে সকাল থেকেই ব্যস্ত দেবশ্রী রায়। কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন, দিনটি খালা-ভাগ্নির। কলকাতায় পা রাখার পরই রানীকে নিয়ে কালীঘাটে পূজা দিতে ছুটেন দেবশ্রী।
খালা দেবশ্রী রায়ের কাছে বেশ কয়েকটি খাবার খাওয়ার আবদার করেছিলেন রানী মুখার্জি। কিন্তু তা পূরণ করতে পারেননি। আক্ষেপের সুরে দেবশ্রী রায় বলেন, “২০২৫ সালটা তো খুব একটা ভালো যায়নি, তাই পুজো দিতে গিয়েছিলাম। ওর কাজের খুব চাপ। তাই গাড়ি ঘুরিয়ে হোটেলে চলে এলাম। ভাঁড়ে চা খাওয়ার ইচ্ছা ছিল, সেটাও হলো না। তবে রানী বলেছে, আগামী মার্চে এসে তেলাপিয়া মাছের ঝোল আর ফুচকা খাবে।”
ভাগ্নিকে পেয়ে স্মৃতিকাতর হয়ে পড়েছেন দেবশ্রী রায়। তার ভাষায়—“ছোটবেলায় রানী যা কাঁদত। ভাবতেই পারিনি বড় হয়ে এমন এক ব্যক্তিত্বের অধিকারী হবে ও। রানী যখন ছোট, আমিও তখন বাচ্চা। সবাই ওকে কোলে নিত, সেটা দেখে আমারও ইচ্ছা হতো। মুম্বাইয়ে গেলে আমি ওর হাত টেনে টেনে নিয়ে ঘুরতাম। আর দিদি আমাকে বকত। দিদি বলত, ‘ওর হাত যে খুলে যাবে’। এখনো সেই দিনগুলোর কথা ভাবলে অন্যরকম লাগে।”
মনখারোপের কথা জানিয়ে দেবশ্রী বলেন, “আজ একটু মনখারাপ লাগছিল। মনে হচ্ছিল, ঝুমা থাকলে আমাদের সঙ্গে ও যেত।”
কয়েক দিন আগে রানীর মায়ের জন্মদিন ছিল। এ উপলক্ষে মুম্বাইয়ে গিয়েছিলেন দেবশ্রী। এ অভিনেত্রী জানান, আগামী মার্চে কলকাতায় আসবে রানী মুখার্জি। তখন ওর সব পছন্দের খাবার সাজিয়ে রাখবেন বলেও জানান তিনি।
ঢাকা/শান্ত