আনন্দের কথায় ‘প্রেমের মানুষ’ গাইলেন মুক্তা
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী মুক্তা মজুমদার। ‘প্রেমের মানুষ’ শিরোনামের গানটির কথা লিখেছেন তারেক আনন্দ, সুর ও সংগীত পরিচালনা করেছেন এ সময়ের ব্যস্ত সংগীত পরিচালক সজীব দাস।
আধুনিক ও মেলোডিয়াস ঢঙের এই গান নিয়ে দারুণ আশাবাদী শিল্পী। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে মুক্তা মজুমদারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
শৈশব থেকেই সুরের প্রতি সহজাত টান ছিল মুক্তা মজুমদারের। ওস্তাদ পঙ্কজ ধর, শ্যামলী বড়ুয়া ও নীরদ বরণ বড়ুয়ার কাছে সংগীতে হাতেখড়ি হওয়ার পর উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি কলকাতার রবীন্দ্রভারতী থেকেও সংগীতে শিক্ষা গ্রহণ করেছেন।
২০১০ সালে জি-সিরিজ থেকে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘দ্বার খুলে’। এ অ্যালবাম দিয়েই সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ২০১৩ সালে ‘মুক্তা উইথ কো-আর্টিস্ট’ এবং কলকাতার রাগা মিউজিক থেকে প্রকাশিত অ্যালবামের মাধ্যমে শ্রোতাপ্রিয়তা লাভ করেন। ‘দ্বার খুলে বসে আছি’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ কিংবা ‘শেষ হবে না’—এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
দীর্ঘ দেড় দশকের এই পথচলায় ভালোবাসা দিবসের বিশেষ উপহার ‘প্রেমের মানুষ’ গানটি তার ক্যারিয়ারে নতুন এক মাত্রা যোগ করবে।
ঢাকা/রাহাত/শান্ত