ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘পদকটি ঘোষণার পর থেকেই আমরা উচ্ছ্বসিত ছিলাম’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬  
‘পদকটি ঘোষণার পর থেকেই আমরা উচ্ছ্বসিত ছিলাম’

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পদক গ্রহণ করছেন শেখ মনিরুল আলম টিপু

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়েছে নয়জন বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আরো পড়ুন:

সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ওয়ারফেজকে এ সম্মানে ভূষিত করা হয়। ব্যান্ডের পক্ষে পদক গ্রহণ করেন দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু।  

পদক গ্রহণের পর টিপু বলেন, “পদকটি ঘোষণার পর থেকেই আমরা ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। আজ সম্মানিত অতিথি ও অন্যান্য পদকপ্রাপ্তদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হাতে পদক তুলে দিয়েছেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পেলাম আমরা।” 

ওয়ারফেজের সব সদস্য ভীষণ উচ্ছ্বসিত। এ বিষয়ে তিনি বলেন, “আজকের এই মুহূর্ত আমাদের জন্য পরিপূর্ণতার। ব্যান্ডের সব সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সবাই ভীষণ আনন্দিত। অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন।” 

বিশেষ এই মুহূর্তের সাক্ষী হতে ব্যান্ডের সাবেক সদস্যরাও দেশে ফিরেছেন। এ বিষয়ে টিপু বলেন, “বিদেশ থেকে বাবনা করিম, সঞ্জয় কামরান রহমান, মাসুক রহমান এবং অনি হাসান এসেছেন। তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।” 

ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ ছাড়াও চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নাট্যকলায় ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়