ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আগামীকাল কী হবে, সেই ভয় নিয়ে মানুষ বেঁচে আছেন’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ৩ মার্চ ২০২৬   আপডেট: ০৯:১২, ৩ মার্চ ২০২৬
‘আগামীকাল কী হবে, সেই ভয় নিয়ে মানুষ বেঁচে আছেন’

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে। পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি, দুবাই), কাতার, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায় দেশটি।

চলমান পরিস্থিতির কারণে দুবাইয়ের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে ভারতীয় সিনেমার অনেক তারকাই দুবাইয়ে আটকা পড়েছেন। বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি বছরের বেশ সময় দুবাইতে কাটান। তবে সৌভাগ্যক্রমে এ অভিনেত্রী এখন ভারতে নিরাপদে অবস্থান করছেন।

আরো পড়ুন:

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে কথা বলেছেন নোরা ফাতেহি। এক ভিডিও বার্তায় এ অভিনেত্রী বলেন, “আগামীকাল কী হবে, সেই ভয় নিয়ে মানুষ বেঁচে আছেন। এই অঞ্চলে যা ঘটছে, সেই দৃশ্য দেখার পর আমার খুব খারাপ লাগছে। কারণ আমরা চাই না, নিরীহ মানুষের প্রাণহানি হোক। এ ধরনের ঘটনা আমরা অনেক দেখেছি।”
  
নোরা ফাতেহি মনে করেন মানুষ এখন শান্তি চায়। তার মতে, “মানুষ ভয় ও অনিশ্চয়তার বদলে স্থিতিশীলতা ও শান্তি চায়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে ঘটে যাওয়া নানা সংকট ও ট্র্যাজেডি সবাইকে ক্লান্ত করে তুলেছে।”

সাধারণ মানুষের অপারগতা প্রসঙ্গে নোরা ফাতেহি বলেন, “বছরের পর বছর ধরে একের পর এক বিশৃঙ্খলা, একের পর এক সংঘাত, একের পর এক ট্র্যাজেডি। বিশ্বজুড়ে যা কিছু ঘটছে, তার অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। সুতরাং আমাদের প্রার্থনা করা প্রয়োজন।”

নোরা ফাতেহির মা–বাবা দুজনই মরক্কোর। তবে তার জন্ম আর বেড়ে ওঠা কানাডায়। ক্যারিয়ার গড়েছেন ভারতে। যদিও নিজেকে মরোক্কান হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন এই অভিনেত্রী, নৃত্যশিল্পী। 

রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’ সিনেমার আইটেম গানে নোরা ফাতেহিকে সর্বশেষ দেখা যায়। গত বছর মুক্তি পায় এটি। ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে নোরা ফাতেহির। গুঞ্জন রয়েছে ‘কাঞ্চনা ফোর’ সিনেমায়ও অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। তাছাড়া রজনীকান্তের ‘জেলার টু’ সিনেমার আইটেম গানেও তাকে দেখা যেতে পারে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়