ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দিল্লির নাট্যোৎসবে নজর কাড়লেন বাংলাদেশের তাসমিয়া

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৫২, ৯ এপ্রিল ২০২৬
দিল্লির নাট্যোৎসবে নজর কাড়লেন বাংলাদেশের তাসমিয়া

‘রিলে রেস’ নাটকের দৃশ্য

বাংলাদেশি একজন মেয়েকে ট্রল করার উদ্দেশ্যে আরেকজন নারীর নেতৃত্বে একদল মানুষ তার চরিত্রহননে মেতে ওঠে এবং পশুরমতো আচরণ করে। সবশেষে ভুল বুঝতে পেরে মানবিক আচরণে ফিরে আসে। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশনের মঞ্চে আয়োজন করা হয় দিনব্যাপী স্বল্পদৈর্ঘ্য বাংলা নাট্যোৎসবের। সেখানেই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে রিলসের কুপ্রভাব সংক্রান্ত এমন একটি নাটকে অভিনয় করে নজর কেড়েছে বাংলাদেশের মেয়ে তাসমিয়া তানহা।

গত ৫ এপ্রিল, দিল্লির মুক্তধারা প্রেক্ষাগৃহে দিল্লির মোট ১৯টি নাট্যদল অংশগ্রহণ করে। সব নাটকের মধ্যে বিশেষভাবে নজর কাড়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ‘রিল’ তৈরির উন্মাদনা ও ভয়ংকর প্রতিযোগিতাকে কেন্দ্র করে নির্মিত প্রহসন ‘রিলে রেস’। শুদ্ধসত্ত্ব ব্যানার্জি রচিত ও নির্দেশিত উপভোগ্য নাটকটি মঞ্চস্থ করে সাঁঝবাতি নাট্যদল। বলে রাখা ভালো, বিশিষ্ট নির্দেশক শুদ্ধসত্ত্ব ব্যানার্জি চলতি বছর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে ভারত রঙ্গ মহোৎসবে অংশগ্রহণ করেন। 

আরো পড়ুন:

নয়জন অভিনেতা তাদের শরীরি ও বাচিক অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন—বর্তমানে ‘রিল’ তৈরির প্রতিযোগিতায় মানুষ কীভাবে নির্লজ্জ, হিংস্র এবং নীতিহীন হয়ে উঠতে পারে, শুধু অন্যকে হারিয়ে নিজে জেতার জন্য। মনিটাইজেশনের লোভে মানুষ দিনরাত যা খুশি তাই করতে প্রস্তুত—এই বাস্তবতাই নাটকে ফুটে ওঠে। 

‘রিলে রেস’ নাটকের দৃশ্যে তাসমিয়া


নাটকের গল্পে দেখানো হয়, একজন বাংলাদেশি মেয়েকে ট্রল করার উদ্দেশ্যে আরেকজন নারীর নেতৃত্বে একদল মানুষ তার চরিত্রহননে মেতে ওঠে এবং শেষে উল্লাস করে পশুরমতো আচরণ করে। তবে নাটকের শেষে সকলেই নিজেদের ভুল বুঝতে পেরে ‘রিল’-এর জগৎ থেকে সরে এসে মুখোমুখি মানবিক যোগাযোগে ফিরে আসার চেষ্টা করে। 

নাটকটিতে বাংলাদেশি মেয়ের ভূমিকায় অসাধারণ অভিনয় করেন বাংলাদেশের মেয়ে তাসমিয়া তানহা। এছাড়াও অভিনয় কলেন—সঙ্গীতা সান্যাল, জ্যোৎস্না চক্রবর্তী, আলোকপর্ণা ব্যানার্জি, একপর্ণিকা, তন্ময় চৌধুরী, মধুরা সেন, অঙ্গদ সবুই এবং আদিত্য বিশ্বাস। আবহ সংগীতে ছিলেন নন্দিনী ব্যানার্জি। 

ঢাকার মেয়ে তাসমিয়া তানহা দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে দিল্লি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতক পড়ছেন। বর্তমানে ফাইনাল ইয়ারের শিক্ষার্থী তিনি।

ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি তাসমিয়া একজন কত্থক নৃত্যশিল্পী, লখনৌ ও জয়পুর ঘরানায় প্রশিক্ষণ নিচ্ছেন। দিল্লির বাংলা নাটকে এবারই তার অভিষেক হলেও, এখানকার সংস্কৃতির সঙ্গে বহু বছর ধরে যুক্ত। দিল্লির ঐতিহ্যবাহী লাল কেল্লায় অনুষ্ঠিত রামলীলায়ও নৃত্যশিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন তিনি।

‘রিলে রেস’ নাটকের প্রদর্শনী শেষে মঞ্চে তাসমিয়া (সবার ডানে)


বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও তাসমিয়ার সমান দক্ষতা রয়েছে। ‘রিলে রেস’ নাটকের মাধ্যমে তার যাত্রা শুরু হলেও, এরই মধ্যে আসাদুজ্জামান নূরের লেখা বাংলাদেশের জনপ্রিয় নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’ অবলম্বনে শুদ্ধ ব্যানার্জির পরবর্তী নির্দেশনায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে তাসমিয়াকে দেখা যাবে।

ঢাকা/শুভজিৎ/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়