ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারও শাহবাগে চিকিৎসকদের আন্দোলন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৭ জুলাই ২০২৩   আপডেট: ১৪:৪২, ১৭ জুলাই ২০২৩
আবারও শাহবাগে চিকিৎসকদের আন্দোলন শুরু

৫০ হাজার টাকা মাসিক ভাতার দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েটরা।

তাদের দাবি, ৫ হাজার টাকা বর্ধিত ভাতা চিকিৎসকদের অবমাননা ছাড়া কিছুই না, যা কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়।

সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের আবারও রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন চিকিৎসকরা।

এ সময় আন্দোলনরত চিকিৎসকরা ‘বেতন ভাতার উন্নয়ন, করতে হবে বাস্তবায়ন’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’, ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’ এসব স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, সাত দিনের মধ্যে আমরা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। এটা কোন দয়াদক্ষিণা না। ৫০ হাজার টাকা মাসিক ভাতা আমাদের অধিকার। ২৫ হাজার টাকা ভাতা আমরা কোনোভাবেই মেনে নেব না।

পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবের হোসেন বলেন, গতকাল শুনেছি ৫ হাজার টাকা ভাতা বাড়িয়ে ২৫ হাজার করা হয়েছে, এর কোনো সত্যতা নেই। যদি সত্যও হয়, ২৫ হাজার টাকায় আমরা সন্তুষ্ট নই। আমরা এমন একটা ভাতা চাই, যেটা দিয়ে পরিবার নিয়ে সুন্দর করে জীবনযাপন করতে পারি, পাশাপাশি আমাদের চলমান কোর্সটি সুন্দরভাবে শেষ করতে পারি।

তিনি বলেন, আমরা গতকালও আজকের মতো শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছিলাম। অথচ গতকাল আমাদের ওপর পুলিশ যেভাবে হামলা করেছে, তা কোনোভাবেই কাম্য ছিল না। এই অন্যায়ের বিচার আমরা চাই। এই বিষয়ে ইন্টার্ন চিকিৎসকরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। 

ডা. জাবের আরও বলেন, রাজপথে আমরা দাবি আদায় করতে চাই না। টেবিলে আলোচনা করেই দাবি আদায় করতে চাই। কিন্তু আমাদের রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। ৬ মাস ধরে  আমরা ঘুরছি, যেখানেই গিয়েছি শুধু আশ্বাস পেয়েছি। আমরা দ্রুত এর সমাধান চাই, কাজে ফিরতে চাই।

/মেয়া/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়