প্রয়োজনে সবার আগে করোনার টিকা নেবেন ট্রাম্প
করোনাভাইরাসের টিকা নেওয়া প্রথম ব্যক্তি হওয়া উচিত কিনা তা নিয়ে দোটানায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজনে সবার প্রথমে টিকা নেবেন বলে ফক্স নিউজের মেডিক্যাল কন্ট্রিবিউটর মার্ক সাইজেলকে জানালেন তিনি।
বুধবারের সাক্ষাৎকারে ট্রাম্প সংশয় প্রকাশ করে বলেন, সবার আগে টিকা নিলে অনেকে তাকে স্বার্থপর বলতে পারেন। আবার সবার শেষে নিলেও জনগণ সমস্যা খুঁজে বের করবেন বলে মন্তব্য করেছেন তিনি। তবে জনগণকে আশ্বস্ত করার জন্য প্রয়োজনে সবার আগে কিংবা সবার শেষেও টিকা নিতে প্রস্তুত আমেরিকার প্রেসিডেন্ট।
টিকা নেওয়ার বেলায় প্রথম দিকে না থাকলে ‘টিকা কর্মসূচিতে বিশ্বাস করেন না’ বলে তার বিরুদ্ধে অভিযোগ আসবে ধারণা ট্রাম্পের। এমনকি প্রথমে টিকা নিলেও সমস্যা। তিনি বলেছেন, “আমি যদি সবার প্রথমে টিকা নেই, তারা বলবে, ‘তিনি এত স্বার্থপর, সবার প্রথমে টিকা নিচ্ছেন।’ অবশ্য পরে হয়তো অন্যরা বলবে, ‘বাহ, তিনি খুব সাহসের কাজ করছেন।’’
তবে এক্ষেত্রে করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্যদের কথা শুনবেন বলে জানালেন ট্রাম্প, ‘তারা যদি আমাকে বলে এবং সঠিক মনে করে তাহলে আমি এটা সবার প্রথমে নেবো কিংবা সবার শেষে।’
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা আগে ওষুধ প্রস্তুতকারক কোম্পানিকে ১০ কোটি সম্ভাব্য টিকার ডোজ প্রস্তুত রাখার ঘোষণা দেন ট্রাম্প। তাদের সঙ্গে ১.৯৫ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে মার্কিন সরকারের।
ঢাকা/ফাহিম
রাইজিংবিডি.কম