ভারতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল
ভারতে করোনা সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। এর মধ্যে আবার লম্বা হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এই সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের।
করোনা মহামারি শুরুর পর গত বছরও ভারতে একদিনে করোনা এত মানুষ মারা যায়নি।
এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জন। সংক্রমণ বাড়ছে হুহু করে। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় হাসপাতালগুলিতে জায়গা পাচ্ছেন না বহু করোনা রোগী। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। দেশটিতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১। করোনায় প্রাণ কেড়েছে মোট ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জনের।
মার্কিন গবেষকরা জানিয়েছেন, মে মাসে ভারতে আরও ভয়ংকর চেহারা নিতে পারে করোনা। ওই সময় ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা পাঁচ হাজারেরও বেশি হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, ভারতে এপ্রিল থেকে অগাস্টের মধ্যে প্রায় ৩ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে। ১২ এপ্রিল থেকে ১ অগাস্টের মধ্যে মৃত্যু হতে পারে ৩ লাখ ২৯ হাজার জনের। জুলাইয়ের শেষে এই সংখ্যা বেড়ে হতে পারে ৬ লাখ ৬৫ হাজার।
ঢাকা/শাহেদ