ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে পূজা চলবে, রায় হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে পূজা চলবে, রায় হাইকোর্টের

ভারতের উত্তর প্রদেশের বারানসিতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার অনুমতি দেওয়ার বিষয়ে নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছে রাজ্যটির এলাহাবাদ হাইকোর্ট।

এতে করে মসজিদের বেজমেন্টে পূজা চালিয়ে যেতে পারবেন হিন্দু ধর্মাবলম্বীরা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে গত ৩১ জানুয়ারি বারানসি জেলা আদালত রায়ে বলেছিল, একজন পুরোহিত জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ সেলারে পূজা করতে পারেন। সেই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই গভীর রাতে পূজা শুরু করার সব ব্যবস্থা করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি।

মসজিদটির ভূগর্ভে চারটি ‘তেখানা’ বা সেলার রয়েছে। এক পুরোহিত পরিবারের দাবি, এর মধ্যে একটি সেলারে ১৯৯৩ সাল পর্যন্ত তারা পূজা করেছিলেন। এরপর সাম্প্রদায়িক উত্তেজনা, অশান্তির কারণে তৎকালীন মুলায়ম সিং সরকার পূজার অনুমতি বাতিল করে দেয়।

মসজিদের বেজমেন্টে উপাসনা করার অনুমতি চেয়ে পিটিশন দায়ের করেছিলেন কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী। এরপর বেজমেন্টে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার অনুমতি দেয় বারানসি জেলা আদালত।

অপরদিকে মসজিদ কমিটির দাবি, সেলারে কোনো মূর্তি নেই। তাই ১৯৯৩ সাল পর্যন্ত সেখানে হিন্দু প্রার্থনা করার কোনো প্রশ্নই আসে না।

গত ৩১ জানুয়ারি বারানসি আদালতের দেয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি। শীর্ষ আদালত আবেদন শুনতে না চেয়ে এলাহাবাদ হাইকোর্টে যেতে বলে। তার দুই ঘণ্টার মধ্যে আবেদন জমা পড়ে হাইকোর্টে। আজ সোমবার সে আবেদন খারিজ করে দেওয়া হলো।

হাইকোর্টের এই রায়ের পর হিন্দুদের পক্ষের আইনজীবী প্রভাস পাণ্ডে বলেন, ‘মসজিদের দক্ষিণ সেলারে পূজা করা নিয়ে বারানসি জেলা আদালত যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টে যায়। কিন্তু আজ তাদের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। তার মানে পূজা চলবে। এটা সনাতন ধর্মের পক্ষে বড় জয়। মসজিদ কমিটি আবারও আদালতের দ্বারস্থ হতে পারে। তবে পূজা বা আরতিতে বাধা পড়বে না।’ 

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়