যুক্তরাষ্ট্রের ২ বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার ৩০০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটি থেকে ফিলিস্তিনিপন্থী ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ ইয়র্কের মেয়র বিক্ষোভকারীদের বহিরাগত বলে আখ্যায়িত করেছেন। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, যারা একটি হল দখল করেছিল তাদের সরিয়ে দেওয়ার জন্য কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অনুরোধে ‘ব্যাপক অভিযান’ চালানো হয়েছিল।
সংবাদ সম্মেলনে মেয়র জানান, গত রাতে পুলিশ কর্মকর্তারা ক্যাম্পাসে অভিযান চালানোর পর কলম্বিয়া ইউনিভার্সিটি এবং নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি থেকে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার জন্য বহিরাগতরা দায়ী, যারা ‘তরুণদের উগ্রবাদী’ বানানোর চেষ্টা করেছিল।
পুলিশ জানিয়েছে, কলম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিল্টন হল দখল করে রাখা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য এই অভিযান চালানো হয়েছে।
গাজার যুদ্ধ থেকে লাভবান হওয়া ইসরায়েল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্নের দাবিতে দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। কলম্বিয়া ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসাবে ক্যাম্পাসে তাবু গেড়ে অবস্থান নেওয়া শুরু করেছিল।
ঢাকা/শাহেদ