ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেবাননে স্থল অভিযান শুরু করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:০৩, ১ অক্টোবর ২০২৪
লেবাননে স্থল অভিযান শুরু করলো ইসরায়েল

প্রায় দুই সপ্তাহ ধরে ভারী বোমাবর্ষণের পর এবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সৈন্যরা। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে সেনারা। হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা।

এর আগে সোমবার রাতে লেবাননে স্থল হামলার অনুমোদন দেয় ইসরায়েলর নিরাপত্তা পরিষদ। ওই সময় জানানো হয়, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের অনুমোদন দেওয়া হয়েছে।

লেবাননে স্থল হামলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক বিমান ও কামান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই সময় ধারণা করা হচ্ছিল, স্থল সেনাদের লেবাননে প্রবেশের ব্যবস্থা করতে এমন তীব্র হামলা চালানো হচ্ছে।

লেবাননে ইসরায়েলের নতুন স্থল অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন নর্দান অ্যারোস’।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে হিজবুল্লাহর অবকাঠামোগুলো উত্তর ইসরায়েলের জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে। ওই অঞ্চলে হিজবুল্লাহর নির্দিষ্ট অবস্থান লক্ষ্য করে স্থল অভিযান শুরু করেছে সেনারা। বিমান বাহিনী এবং কামান বাহিনী ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়ে স্থল বাহিনীকে সমর্থন দিচ্ছে। 

এদিকে গতকাল সোমবার হিজবুল্লাহর ডেপুটি লিডার নাইম কাসেম এক বিবৃতিতে বলেছেন, তাদের যোদ্ধারা স্থল যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়