গাজায় যুদ্ধবিরতি আটকে যাওয়ার পর ইসরাইলের হামলায় নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় আজ রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া কথা ছিল। কিন্তু হামাস জিম্মিদের তালিকা এখনো দেয়নি বলে যুদ্ধবিরতি এখনই শুরু হচ্ছে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, আজ সকাল পর্যন্ত হামাস তার শর্ত পূরণ করতে পারেনি। চুক্তি অনুযায়ী হামাস ইসরায়েলকে জিম্মিদের তালিকা দেয়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, যতক্ষণ পর্যন্ত হামাস তার দায়িত্ব পালন না করছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না।
আর এরপরই দক্ষিণ খান ইউনিস এবং কেন্দ্রীয় নুসাইরাতে ইসরায়েলি কামানের গোলাবর্ষণ এবং বিমান হামলা পুনরায় শুরু হয়েছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ইসরায়েলি হামলায় উত্তর গাজায় তিনজন এবং গাজা সিটিতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এদিকে যুদ্ধবিরতি বিলম্বিত হলেও, গাজায় মানুষ আনন্দ উদযাপন করছেন। আল জাজিরার খবর অনুসারে, ঘড়িতে সকাল সাড়ে ৮টা বাজতেই গাজার মানুষ আনন্দ ও উৎসবে মেতে ওঠে। তারা আশা করছে, জিম্মি তালিকা ইস্যুটির সমাধান দ্রুত হবে।
হামাস একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পেতে যাওয়া বন্দীদের তালিকা ‘যে কোনো মুহূর্তে’ হস্তান্তর করা হবে।
দোহাভিত্তিক কর্মকর্তা যিনি যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি এএফপিকে বলেছেন, “যে কোনো মুহূর্তে মুক্তিপ্রাপ্ত তিন বন্দীর নাম মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হবে। মাঠ পরিস্থিতির জটিলতা ও অব্যাহত বোমা হামলার কারণে বিলম্বিত হয়েছে।”
ঢাকা/ফিরোজ