গোমার হাসপাতালগুলোতে হতাহতদের তিল ধারনের ঠাঁই নাই
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর গোমা শহরে হাসপাতালগুলোতে হতাহতদের তিল ধারণের ঠাঁই নাই। সেখানে গুলি, মর্টার এবং গুলিবিদ্ধ শত শত রোগীর চিকিৎসা চলছে। অন্যদিকে রাস্তায় অনেক মৃতদেহ পড়ে আছে। মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
সোমবার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এখনো শহরে গোলাগুলি চলছে।
শহরের কর্মীদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মানবিক অফিস মঙ্গলবার জানিয়েছে, রাস্তায় ভারী ছোট অস্ত্রের গুলি এবং মর্টারের গুলি অব্যাহত ছিল। রাস্তায় অনেক মৃতদেহ পড়ে রয়েছে বলে জাতিসংঘের মুখপাত্র জেন্স লারকে জানিয়েছেন।
জেন্স লারকে বলেন, “গোমা এবং এর আশেপাশের মানবিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গোমার হাসপাতালগুলো আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। যোদ্ধারা ধর্ষণ করছে বলেও খবর পাওয়া গেছে।”
জেনেভায একই ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কঙ্গোর জরুরি প্রতিক্রিয়া সমন্বয়কারী অ্যাডেলহাইড মার্শাং জানান, গুলিবিদ্ধ এবং আহত অবস্থায় শত শত লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, “আমরা স্বাস্থ্যকর্মীদের উপর গুলি চালানোর এবং শিশুদেরসহ রোগীদের ক্রসফায়ারে আটকে পড়ার খবর শুনতে পাচ্ছি।”
রেড ক্রস জানিয়েছে, তাদের একটি হাসপাতালে ২৪ ঘন্টার মধ্যে ১০০ জনেরও বেশি রোগীকে পেয়েছেন যারা মাথায় এবং বুকে আঘাত মর্টার ও ধারালো বস্তুর আঘাত পেয়ে ভর্তি করা হয়েছে। রোগীরা বিছানার অভাবে করিডোরে অপেক্ষা করছেন।
ঢাকা/শাহেদ