তপ্ত বাক্য বিনিময়ের পরে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প ও পেত্রো
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
এক মাসেরও বেশি সময় তপ্ত বাক্য বিনিময়ের পরে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মঙ্গলবার হোয়াইট হাউসে এই দুজনের বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
২০২২ সালে কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হওয়া পেত্রো সাবেক বিদ্রোহী যোদ্ধা এবং ট্রাম্প প্রশাসনের অন্যতম সোচ্চার সমালোচক। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি মার্কিন প্রেসিডেন্টের গণনির্বাসন অভিযান, তার শুল্ক নীতি, ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ অভিযান এবং ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে মার্কিন হামলার তীব্র সমালোচনা করেছেন। সাম্প্রতিক দিনগুলোতে পেত্রো গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধে ওয়াশিংটনের অব্যাহত সমর্থনের জন্য ট্রাম্পকে ‘গণহত্যার সহযোগী’ বলে অভিহিত করেছেন। এছাড়া তিনি সাফ বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বাইরে বক্তৃতা দিতে গিয়ে পেত্রো বলেছিলেন, গাজায় মার্কিন সামরিক বাহিনীর নেতৃত্ব দেওয়া উচিত নয়। তিনি মার্কিন সেনাদের ‘ট্রাম্পের আদেশ অমান্য করার’ আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র পেত্রোর ভিসা বাতিল করে এবং ট্রাম্প কলম্বিয়ার ওপর বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দেন।
তবে সোমবার ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শর্ত মানার ক্ষেত্রে ইতিবাচক অবস্থান নিয়েছেন পেত্রো। তিনি কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ব্যাপার আশাবাদ ব্যক্ত করেছেন।
ঢাকা/শাহেদ