খামেনির জানাজা স্থগিত
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ
খামেনির জানাজা স্থগিত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।
বুধবার রাতে তেহরানে খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংবাদ সংস্থাটি তেহরান প্রদেশের ইসলামিক প্রচার সমন্বয় কাউন্সিলের একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, “মানুষের অত্যধিক আগ্রহের কারণে অবকাঠামো সম্প্রসারণে সময় দেওয়ার জন্য জানাজা বিলম্বিত করা হয়েছে।”
বিবৃতিতে বলা হয়েছে, “শহীদ ধর্মীয় নেতা এবং আমাদের মহান ইমামের পবিত্র দেহের বিদায়ের জন্য তেহরানের গ্র্যান্ড মসজিদ আজ রাত থেকে আমাদের প্রিয় জনগণকে আতিথেয়তা দেওয়ার কথা ছিল, কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দেশজুড়ে জনসাধারণের ব্যাপক আগ্রহ এবং বিশাল উপস্থিতির জন্য প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহের প্রয়োজনীয়তার কারণে, অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।”
উপযুক্ত সময়ে জানাজা অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২১ ড্রোন ভূপাতিত করেছে আমিরাত
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২১টি ড্রোন ভূপাতিত করেছে।
আলজাজিরা লিখেছে, আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
তবে আটটি ড্রোন তাদের দেশের ভেতরে এসে আঘাত করেছে বলেও জানিয়েছে তারা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
‘এভাবেই মানবতার বড় বিপর্যয়গুলো শুরু হয়’: ইরান যুদ্ধ প্রসঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেছেন, “এভাবেই মানবতার বড় বিপর্যয়গুলো শুরু হয়।”
বুধবার (৪ মার্চ) সানচেজ বলেন, তার সরকারের অবস্থান ‘যুদ্ধের বিরুদ্ধে’। তিনি আরো বলেন, স্পেনের সাধারণ মানুষ কোনোভাবেই এই ধ্বংসাত্মক পরিস্থিতি সমর্থন করে না।
২০০৩ সালের ইরাক আক্রমণের উদাহরণ টেনে তিনি সতর্ক করে বলেন, সেই যুদ্ধ বিশ্বকে আরও অনিরাপদ করে তুলেছিল। সানচেজের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবেই একটি ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা, স্বাস্থ্যকর পরিবেশ কিংবা সাধারণ মানুষের উন্নত জীবন নিশ্চিত করবে না।
বিশ্বনেতাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সানচেজ বলেন, “সরকারগুলোর উচিত নয় কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে মরণখেলায় মেতে ওঠা।” তিনি মনে করেন, বর্তমান সংকট নিরসনে কূটনীতির কোনো বিকল্প নেই।
এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেন এই প্রস্তাবে সরাসরি ‘না’ বলে দেওয়ায় ট্রাম্প দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন।
খামেনির যেকোনো উত্তরসূরিকে ‘নির্মূল’ করা হবে: ইসরায়েল
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হওয়ার জন্য মনোনীত যেকোনো ইরানি নেতাকে হত্যা করার চেষ্টা করবে ইসরায়েলি সামরিক বাহিনী।
বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে কাটজ আরো বলেন, “ইসরায়েল ধ্বংস করার পরিকল্পনা অব্যাহত রাখতে, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং এই অঞ্চলের দেশগুলোকে হুমকি দিতে এবং ইরানের জনগণকে দমন করার জন্য ইরানি সন্ত্রাসী শাসন ব্যবস্থা কর্তৃক নিযুক্ত যেকোনো নেতাই হবে আমাদের নির্মূলের দ্ব্যর্থহীন লক্ষ্যবস্তু।”
তিনি বলেন, “তার নাম কী বা তিনি কোথায় লুকিয়ে আছেন, তাতে কিছু যায় আসে না।”
ইসরয়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ আরও বলেন, ইরানের সক্ষমতা ধ্বংস করতে এবং ‘ইরানি জনগণের জন্য তাদের সরকারকে উৎখাত করার পরিবেশ তৈরি করতে’ ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ চালিয়ে যাবে।
ইরাক ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে শত শত ড্রোন হামলার দাবি ইরানের
ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতি বলেছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন রয়েছে এমন বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ২৩০টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে ইরাকের এরবিল ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প আরিফজান অন্তর্ভুক্ত রয়েছে।
আইআরজিসি আরো বলেছে, এই হামলাগুলো যুদ্ধের ময়দানে তাদের ‘প্রথম শক্তিশালী পদক্ষেপগুলোর’ অন্যতম।
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ নেওয়ার দাবি আইআরজিসির
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি)।
বুধবার (৪ মার্চ) আইআরজিসি দাবি করেছে, বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথটি এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিলেন, তিনি তেলবাহী ট্যাংকারগুলো পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে নৌবাহিনী মোতায়েন করতে প্রস্তুত।
ইরানের বার্তা সংস্থা ফারস নিউজকে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে বলেছেন, “বর্তমানে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।”
৪০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির
মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসি জানায়, এটি মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তাদের ১৭তম হামলা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায় ইরানে। হামলা গত চার দিনে ইরানে ১ এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু রয়েছে।
আকাশসীমায় প্রবেশ করা ৯ ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা মাত্রই নয়টি ড্রোন শনাক্ত করা হয়েছে ও সেগুলো ধ্বংস করা হয়েছে। খবর সৌদি গেজেটের।
বুধবার (৪ মার্চ) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, ড্রোনগুলো শনাক্ত হওয়ার পরপরই সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়।
এর আগে বুধবার ভোরে রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ অঞ্চলে দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার তথ্য জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত সৌদি মন্ত্রিসভার এক বিশেষ অধিবেশনে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। অধিবেশনে স্পষ্ট করা হয় যে, সৌদি আরবের ভূখণ্ড, নাগরিক এবং সেখানে বসবাসকারী বাসিন্দাদের সুরক্ষায় যেকোনো প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নিতে দেশটি দ্বিধাবোধ করবে না।
সৌদি আরব, জিসিসি সদস্য রাষ্ট্রসমূহ এবং জর্ডানকে লক্ষ্য করে চালানো তথাকথিত ‘ইরানি হামলার’ নিন্দা জানানোয় বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সৌদি মন্ত্রিসভা।
ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করল ইসরায়েল
ইসরায়েলি সামরিক বাহিনী কিছুক্ষণ আগে জানিয়েছে, ইরান থেকে নতুন করে আরো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ‘হুমকি মোকাবিলা’ করতে কাজ করে যাচ্ছে। খবর আল-জাজিরার।
সামরিক বাহিনীর পক্ষ থেকে ইসরায়েলি জনগণকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং সেখানে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “কেবলমাত্র স্পষ্ট নির্দেশ পাওয়ার পরই সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে; হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ চালিয়ে যান।”
ইরানের দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের
ইরানের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরব। খবর আল-জাজিরার।
বুধবার (৪ মার্চ) ভোরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ অঞ্চলকে লক্ষ্য করে আসা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত ও ধ্বংস করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
হামলায় ইরানে ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এক হাজারের বেশি বেসমারিক নাগরিক নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে এক হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু রয়েছে। বেসামরিক আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জনে, যার মধ্যে ১০০ জন শিশু রয়েছে।
গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে বলে সংস্থাটি জানিয়েছে। এসব হামলায় সামরিক ঘাঁটি, চিকিৎসাকেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হানা হয়েছে।
ইরান ইস্যুতে মার্কিন সিনেটে ভোট
ইরানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনা বাড়ছে। এমন প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে আরো সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে একটি ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ এ ভোট হবে।
বুধবার যুক্তরাষ্ট্রের সিনেটে এ ভোট হবে। প্রস্তাবিত বিলটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করতে পারবেন না।
বিলটি নিয়ে স্থানীয় সময় বেলা ১১টা থেকে সিনেটে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়।
ওয়াশিংটনের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ভোট ট্রাম্পের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিকে ঘিরে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করতে পারে।
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬
মাউন্ট লেবানন এলাকার আরামুন ও সাদিয়াতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন এ তথ্য প্রকাশ করেছে।
হামলায় আরও আটজন আহত হয়েছেন বলে জানায় আলজাজিরা।
এর আগে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছিল, ইসরায়েলের আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে এবং ৩৩৫ জন আহত হয়েছেন।
ঢাকা/ইভা/ফিরোজ/রাসেল
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান