ইরান ইস্যুতে ভারতের নীরবতায় ক্ষুব্ধ মেহবুবা মুফতি
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভাপতি মেহবুবা মুফতি
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় ভারত সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভাপতি মেহবুবা মুফতি।
তিনি এই আগ্রাসনের বিরুদ্ধে ভারতের নীরবতাকে ‘বোধগম্য নয়’ বলে অভিহিত করেন, কারণ ভারতের পোখরান পারমাণবিক পরীক্ষার পর যখন দিল্লির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তখন ইরানই একমাত্র দেশ হিসেবে ভারতের পাশে দাঁড়িয়েছিল।
বুধবার (৪ মার্চ) গণমাধ্যমকে মেহবুবা মুফতি বলেন, “আমি বুঝতে পারছি না যে ভারত একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু আমাদের দেশের নেতৃত্ব এই আগ্রাসনের নিন্দা করেনি বা সেখানকার (ইরান) জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেনি, না এখানকার (জম্মু ও কাশ্মীরের) নেতৃত্ব করেছে।”
অতীতে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব দৃঢ় ছিল বলেও জানান মুফতি।
তিনি বলেন, “কাশ্মীর ইস্যুতে প্রতিটি মুসলিম দেশ পাকিস্তানের পক্ষে ছিল। কিন্তু একমাত্র ইরান ভারতের পক্ষ নিয়েছিল। ভারতের ওপর যখন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তখন ইরানই একমাত্র দেশ ছিল যারা আমাদের তেল দিয়েছিল। তারা প্রথমে রুপিও নেয়নি, পরে নিয়েছিল। তা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত, দেশের নেতৃত্ব এই আগ্রাসনের নিন্দা করেনি বা ইরানের জনগণের প্রতি সমবেদনাও প্রকাশ করেনি।”
এই আগ্রাসনের নিন্দার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুতুল দাহ করেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী।
মুফতি বলেন, “এই ঘটনায় আমাদের হৃদয় শোকে পাথর হয়ে গেছে। কিন্তু আমরা বাইরে প্রতিবাদ করতে পারছি না, তাই অন্তত আমরা এই শয়তানী শক্তির কুশপুতুল দাহ করেছি, সে ট্রাম্প হোক বা নেতানিয়াহু। আমরা বিশ্বকে একটি বার্তা দিতে চাই যে জম্মু-কাশ্মীরের মানুষ, বিশেষ করে উপত্যকার মানুষ, ইরানের জনগণের সাথে আছে এবং তাদের সাহসিকতা এবং ত্যাগকে সালাম জানিয়েছে।”
পিডিপি সভাপতির অভিমত, “আজ বিশ্ব ব্যবস্থা সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে পড়েছে। কোনো বিশ্ব ব্যবস্থা নেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণকারী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার গাজার যুদ্ধাপরাধী নেতানিয়াহুর সঙ্গে মিলে ইরানের মতো একটি সার্বভৌম দেশ আক্রমণ করেছে, অথচ কেউ এটা নিয়ে কথা বলছে না। দুর্ভাগ্যবশত, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মুসলিম রাষ্ট্রগুলোও নীরব দর্শকের মতো তাকিয়ে আছে এবং তাদের নিজেদের দেশের মাটিতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিয়ে ইরানের ওপর এই আক্রমণকে নীরবে সমর্থন করছে। এটা খুবই দুঃখজনক।”
তিনি আরো বলেন, “মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে পরোক্ষভাবে যুদ্ধে অংশ নিয়েছে। অন্যদিকে ইরান একাই লড়াই করছে, তাই আমাদের হৃদয়, মন এবং আত্মা তাদের সাথে রয়েছে।'
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার বিরুদ্ধে সম্প্রতি উপত্যকায় বিক্ষোভ চলাকালীন আটক ব্যক্তিদের মুক্তির আহ্বানও জানিয়েছেন পিডিপি প্রধান।
ঢাকা/সুচরিতা/ফিরোজ