ইরান যুদ্ধে ১৫০ মার্কিন সেনা আহত
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত ১০ দিনে যুক্তরাষ্টের অন্তত ১৫০ সেনা আহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
সংবাদ সংস্থা রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ১৪০ জনের মতো আহত হয়েছে। তাদের আধিকাংশের আঘাতই গুরুতর নয়।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, “অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে, ১০ দিনের হামলায় প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।” তাদের মধ্যে ১০৮ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন বলেও জানান তিনি।
শন পার্নেল জানান, গুরুতর আহত আটজনকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা শুরু করে। তারা আরব উপসাগরীয় দেশগুলিতে কূটনৈতিক মিশনের পাশাপাশি হোটেল ও বিমানবন্দরেও হামলা চালিয়েছে এবং তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে।
পেন্টাগন জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলার সংখ্যা অনেক কমে এসেছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের অস্ত্রের ভাণ্ডার এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালানোর কারণে এমনটি হয়েছে।
ঢাকা/মাসুদ