মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
শহিদের নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন করা হবে
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সরকার মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
তিনি বলেন, ‘‘স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধে শহিদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা করা সম্ভব হয়নি। এ কারণে সরকার মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার ও সব শহিদের একটি নির্ভুল ও গ্রহণযোগ তালিকা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদান সম্ভব হবে।’’
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে পিরোজপুর-৩ আসনের রুহুল আমীন দুলালের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
আহমেদ আযম খান বলেন, ‘‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত শহিদ মুক্তিযোদ্ধার সংখ্যা ছয় হাজার ৪৮০ জন। শহিদ মুক্তিযোদ্ধাদের মধ্যে গেজেটে বেসামরিক শহিদ তিন হাজার ৬৯৮ জন, সশস্ত্র বাহিনীর এক হাজার ৫৪১ জন, বিজিবির ৮১৭ জন, শহিদ পুলিশ ৪২৩ জন ও আনসার বাহিনীর একজন রয়েছেন।’’
বিএনপি দলীয় সংসদ সদস্য (কুমিল্লা-৯) আবুল কালামের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘‘মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশে ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের গেজেট/ লাল মুক্তিবার্তা/ ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। এর মধ্যে চব্বিশের আগস্ট থেকে এ পর্যন্ত বাতিল হয়েছে ৪৮১ জনের।
ঢাকা/নঈমুদ্দীন//
পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী