কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে। এই হামলায় বস্তুগত ক্ষতি হয়েছে, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর আল-জাজিরার।
কুয়েত সরকারের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি কুয়েত নিউজ এজেন্সিকে জানান, সংকট শুরুর পর থেকে কার্যকর থাকা ‘জরুরি রেসপন্স পরিকল্পনা’ অনুযায়ী এবং রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।
তিনি জানান, কুয়েতের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দুবাইয়ে আবারও ড্রোন হামলা
দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শহরের আল বাদা এলাকায় একটি ‘সামান্য ড্রোন দুর্ঘটনা’ মোকাবিলা করছে। দুবাই মিডিয়া অফিস কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আল-জাজিরার খবর অনুসারে, শহরটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর এই ঘোষণা এলো। উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুবাই শহরটি ঘনঘন ড্রোন হামলার শিকার হচ্ছে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে আঘাত হানার দাবি ইরানের
ইসরায়েলে নতুন করে আরো লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে ইরান। ইরানের সেনাবাহিনী কিছুক্ষণ আগে জানায়, তারা ড্রোনের সাহায্যে ইসরায়েলের দুটি বিমানঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’-এর সদর দপ্তরে হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা’র প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় ভূমধ্যসাগরীয় উপকূলের ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত পালমাচিম বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
দাম বাড়ায় নিজস্ব মজুদ থেকে ৯০ লাখ ব্যারেল তেল দেবে ইতালি
জ্বালানির ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে ইতালি তাদের কৌশলগত মজুদ থেকে ৯০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়বে। খবর আল-জাজিরার।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে ইতালি সরকারের একটি সূত্র জানিয়েছে, এই তেল ‘অবিলম্বে’ ব্যবহারের জন্য পাওয়া যাবো।
বুধবার (১১ মার্চ) আইইএ বিশ্ব বাজারে ৪০ কোটি ব্যারেল তেল সরবরাহ করার যে সুপারিশ করেছিল, এই পদক্ষেপটি তারই প্রতিফলন। এটি সংস্থাটির ইতিহাসে এ পর্যন্ত বৃহত্তম সমন্বিত তেল সরবরাহের ঘটনা।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের ফলে তেল সরবরাহে ব্যাঘাত ঘটা এবং অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানি বাজার স্থিতিশীল করার লক্ষ্যেই এই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুয়েতের বিদ্যুৎ লাইনে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাত
মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে কুয়েতের ওপর ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় কিছুক্ষণ আগে জানায়, দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পর ছয়টি বিদ্যুৎ সঞ্চালন লাইন বিকল হয়ে গেছে।
এই ঘটনাও সত্ত্বেও বিদ্যুৎ মন্ত্রণালয় বলেছে, দেশজুড়ে বিদ্যুৎ ও পানির সামগ্রিক সরবরাহ স্থিতিশীল রয়েছে।
যুদ্ধ বন্ধে ইরানের প্রেসিডেন্টের ৩ শর্ত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে ৩টি শর্তের কথা জানিয়েছেন। খবর আল-জাজিরার।
পেজেশকিয়ান দাবি করেন, যুদ্ধ শেষ করার একমাত্র পথ হলো- ইরানের যে সব ন্যায্য ও আইনগত অধিকার রয়েছে, তা মেনে নিতে হবে। যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। ভবিষ্যতে যেন এই ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে দৃঢ় ও কার্যকর বাধ্যবাধকতা বা গ্যারান্টি থাকতে হবে।
স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান এসব শর্ত তুলে ধরেন।
পোস্টে ইরানের প্রেসিডেন্ট লেখেন, “রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে আমি আঞ্চলিক শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। জায়নবাদী শাসনগোষ্ঠী (ইসরায়েল) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উসকে দেওয়া এই যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হলো- ইরানের বৈধ অধিকার স্বীকার করা, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে কোনো আগ্রাসন ঘটবে না এমন দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা প্রদান করা।”
তেহরানের শিল্পাঞ্চলে মার্কিন-ইসরায়েলি হামলা
ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান থেকে প্রায় ২৭ কিলোমিটার (১৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রিবাত করিম নামক একটি শিল্পাঞ্চলে মার্কিন-ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।
শহরটির ডেপুটি গভর্নর জানান, কিছুক্ষণ আগে এই হামলা চালানো হয়। হামলার শিকার হওয়া লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি পরিত্যক্ত গুদামঘরও রয়েছে।
হরমুজ প্রণালিতে আবারও জাহাজে হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল কোম্পানিগুলোকে নির্ভয়ে ইরানের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পাঠানোর আহ্বান জানানোর পরপরই আরো একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি এক বিবৃতিতে জানায়, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তরে একটি কন্টেইনার জাহাজে আক্রমণ হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “জাহাজের মাস্টার জানিয়েছেন যে অজানা প্রজেক্টাইলের আঘাতে কন্টেইনার জাহাজটিতে ছোট আগুন লেগেছে। অন্ধকারের কারণে সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। সব ক্রু নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।”
ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পর উপসাগরে তেল ট্যাঙ্কারগুলোকে লক্ষ্য করে এটি সর্বশেষ হামলার ঘটনা।
ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আজ ১৩তম দিনে গড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা জানান, এই যুদ্ধের প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের আনুমানিক ১১.৩ বিলিয়ন ডলারের (১ লাখ ৩৩ হাজার কোটি টাকার) বেশি ব্যয় হয়েছে। গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকে সামরিক কর্মকর্তারা মার্কিন আইনপ্রণেতাদের কাছে এই হিসাব তুলে ধরেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এবং এনবিসি নিউজ এই খবরটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, এই হিসাবের মধ্যে যুদ্ধের সঙ্গে জড়িত অন্যান্য অনেক ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি- যেমন প্রথম হামলার আগে সামরিক সরঞ্জাম ও জনবল মোতায়েনের খরচ। এর অর্থ হলো, প্রকৃত ব্যয়ের পরিমাণ প্রত্যাশার চেয়েও উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা/ফিরোজ
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান