মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদ
দুবাইয়ের একটি মসজিদে মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংঘাত ও অনিশ্চয়তার মধ্যেই পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনসহ বিভিন্ন দেশে যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে ঈদ উদযাপন করা হলেও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে উৎসবের আনন্দ অনেকটাই ম্লান।
বাস্তুচ্যুত মানুষজন বলছেন, যুদ্ধের কারণে ঈদের আনন্দ এখন শুধুই স্মৃতি। অনেকেই পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন অবস্থায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। রমজানের স্বাভাবিক ইবাদত, পারিবারিক আয়োজন ও সামাজিক মিলনমেলা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।
শুক্রবার (২০ মার্চ) মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববীসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে-মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে যুদ্ধের কারণে কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে এবার আদায় হয়নি ঈদের নামাজ। এছাড়া, খোলা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায়ে আগেই নিষেধাজ্ঞা আরোপ করে আরব আমিরাত, কাতার ও কুয়েত। বন্ধ জেরুজালেমের পবিত্র আল-আকসা প্রাঙ্গণও।
মালদ্বীপ ও অস্ট্রেলিয়া, আর আফ্রিকার বিভিন্ন দেশ—মিশর, সুদান, লিবিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, জিবুতি ও সেনেগালেও আজ ঈদ পালিত হচ্ছে। তবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় গতকাল ১৯ মার্চ আফগানিস্তান, নাইজার ও মালিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়।
এদিকে, গতকাল বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার পূর্ণ হচ্ছে ৩০ রমজান। শনিবার শুরু হবে পবিত্র শাওয়াল মাস। আগামীকাল দেশে উদযাপন করা হবে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
ঢাকা/ইভা