হুমকি কেবল আমাদের ঐক্যকে আরো শক্তিশালী করে: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, “মার্কিন হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কেবল আমাদের ঐক্যকেই আরও সুদৃঢ় করে।” খবর আল-জাজিরার।
রবিবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, “মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলার যে অলীক কল্পনা করা হচ্ছে, তা একটি ইতিহাস সৃষ্টিকারী জাতির ইচ্ছাশক্তির বিরুদ্ধে চরম হতাশারই বহিঃপ্রকাশ।”
তিনি আরও জানান, যারা ইরানের ‘মাটি লঙ্ঘন করে’ তারা ছাড়া হরমুজ প্রণালি বাকি সবার জন্য উন্মুক্ত। তিনি জোর দিয়ে বলেন, “যুদ্ধক্ষেত্রে আমরা যেকোনো উন্মাদনাপূর্ণ হুমকির মোকাবিলা দৃঢ়ভাবে করব।”
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর জবাবে তেহরানও ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
গত শনিবার (২২ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন যে, তেহরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেবে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেন, “এই মুহূর্ত থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানবে এবং সেগুলো নিশ্চিহ্ন করে দেবে- শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে।”
তবে ট্রাম্পের এমন হুমকিতেও দমবার পাত্র নয় ইরান। পাল্টা জবাবে তেহরান জানায়, তারা এই জলপথ সম্পূর্ণ বন্ধ করে দেবে এবং ট্রাম্প হামলা চালালে এ অঞ্চলের জ্বালানি ও পানি স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাবে।
মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে মার্চের শুরু থেকে ইরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যেখান দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এবং বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএলজি) প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। এই অচলাবস্থার ফলে জাহাজ চলাচল ও বিমার খরচ বেড়ে গেছে, তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঢাকা/ফিরোজ