যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান
ইরান জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। ট্রাম্পের মন্তব্যের লক্ষ্য হলো জ্বালানির দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় কেনা।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে সাফ বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ হচ্ছে না।
শনিবার ট্রাম্প জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নৌপথ পুনরায় চালু না করা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেবেন। ইরান এর জবাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর কথা জানিয়েছিল। সোমবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনা সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে।
এর কিছুক্ষণ পরেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ট্রাম্পের মন্তব্যের লক্ষ্য হলো জ্বালানির দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় কেনা।
এতে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয়নি, ‘কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়।’
ঢাকা/শাহেদ