শান্তি আলোচনার আগেই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ ইরানের
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
তেহরান ও ওয়াশিংটনের মধ্যেকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হওয়ার আগেই বড় ধরনের সংকটের মুখে পড়েছে দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি। খবর তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগামাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছেন, আলোচনার যে ‘কার্যকর ভিত্তি’ তৈরি হয়েছিল, মার্কিন পক্ষ থেকে তা ইতিমধ্যে লঙ্ঘন করা হয়েছে। ফলে পরবর্তী আলোচনা এখন ‘অযৌক্তিক’ হয়ে দাঁড়িয়েছে।
গালিবাফ ইঙ্গিত দেন যে, এই চুক্তি লঙ্ঘন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী আলোচনাকে জটিল করে তুলেছে, যা যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলার বিষয়ে তেহরানের উদ্বেগকে প্রতিফলিত করে।
গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন: লেবাননে নিরবচ্ছিন্ন হামলা, ইরানের আকাশসীমায় ড্রোনের অনুপ্রবেশ ও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার করা।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পদার্পণ করেছে। একই সময়ে ইসরায়েল লেবাননে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে।
মধ্যপ্রাচ্য জুড়ে হাজার হাজার মানুষের মৃত্যু এবং বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ও আলোচনায় সম্মত হওয়ার পর ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই নিজেদের জয় দাবি করেছিল।
কিন্তু বুধবারই (৮ এপ্রিল) চুক্তির ফাটলগুলো প্রকাশ্যে আসে যখন ইসরায়েল প্রতিবেশী দেশ লেবাননে তাদের সবচেয়ে ভয়াবহ হামলা চালায়, যার মধ্যে জনবহুল কেন্দ্রীয় বৈরুতও লক্ষ্যবস্তু ছিল। লেবানিজ সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন।
ইসরায়েল জানিয়েছে, মার্কিন-ইরান যুদ্ধবিরতি লেবাননে প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই কথা বলেছেন, যিনি আগামী শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানে তেহরানের সঙ্গে শান্তি আলোচনার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।
এদিকে, ভঙ্গুরতা বাড়িয়ে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের দেওয়া ১০-দফা পরিকল্পনা এবং হোয়াইট হাউজ যুদ্ধ থামানোর জন্য যে শর্তাবলীতে সম্মত হয়েছিল, তা এক নয়।
ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, “ইসরায়েল যদি লেবাননে তাদের হামলা বন্ধ না করে তাহলে তারা এর উপযুক্ত জবাব দেবে।” এই বক্তব্যগুলো শুক্রবার পাকিস্তানে হতে যাওয়া উচ্চপর্যায়ের আলোচনার আগে এলো।
যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সব পক্ষকে ‘সংযম প্রদর্শন এবং দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে সম্মান করার’ আহ্বান জানিয়েছেন যাতে কূটনীতি সফল হতে পারে।
বুধবার ইউরোপের বেশ কয়েকটি দেশ, কানাডা এবং যুক্তরাজ্যের নেতারা বলেছেন যে, ‘যুদ্ধের একটি দ্রুত এবং দীর্ঘস্থায়ী সমাপ্তি’ অবশ্যই আলোচনার মাধ্যমে নিশ্চিত করতে হবে।
ঢাকা/ফিরোজ
২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৬, আক্রান্ত ১১৮৭