সাংবাদিক কিরণ সাহা আর নেই
সাকিরুল কবীর রিটন || রাইজিংবিডি.কম
সাংবাদিক কিরণ সাহা
জেলা প্রতিবেদক
যশোর, ২৬ জানুয়ারি : দৈনিক যুগান্তর যশোর অফিস ইনচার্জ প্রবীণ সাংবাদিক কিরণ কুমার সাহা কচি শনিবার দিবাগত রাত নয়টার সময় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।
কিরণ সাহা প্রতিদিনের মতো শনিবার বিকেলেও শহরের গুরুদাস বাবু লেন যুগান্তর অফিসে আসেন এবং কাজ করছিলেন। রাত সাড়ে আটটার দিকে অফিসে কর্মরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি স্ত্রী, এক কন্যা, এক ভাই রেখে গেছেন।
কিরণ সাহা নামেই তিনি সাংবাদিক মহলে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাধিকবার সহসভাপতি, যুগ্ম মহাসচিব, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, প্রেসক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৮০ দশকে যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গে সাংবাদিকতা শুরু করেন। এর পর দৈনিক খবর, দৈনিক বাংলাবাজার পত্রিকার যশোর প্রতিনিধি হিসেবে কাজ করেন। এরপর যুগান্তর প্রকাশের শুরু থেকে যশোর প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন।
কিরণ সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিমন খান, সাধারণ সম্পাদক সাকিরুল কবীর রিটন পৃথক পৃথক বিবৃতি শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
রাইজিংবিডি / সাকিরুল কবীর রিটন / লিমন
রাইজিংবিডি.কম
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে