আবারো লাশের পেটে মিলল ইয়াবা
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্ত চলাকালে আবারো এক লাশের পেট থেকে ইয়াবা পাওয়া গেছে।
শনিবার সকাল ১১টায় ময়নাতদন্ত করার সময় লাশের পেটে ১২ পুটলি ইয়াবা পাওয়া যায়। প্রতিটি পুটলিতে ২০ পিস করে ইয়াবা ছিল।
জানা গেছে, মৃত ব্যক্তির নাম জুলহাজ (৩২)। তার বাড়ি নেত্রকোনায়। গতকাল শুক্রবার সকালে কমলাপুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করে মতিঝিল থানা পুলিশ। এরপর জুলহাজ সেখানে মারা যান। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাতে ঢামেকে পাঠানো হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত করার সময় লাশের পেট থেকে ১২ পুটলি ইয়াবা বের হয়। সেগুলো খুলে দেখা যায় ২০ পিস করে ইয়াবা রয়েছে।
এদিকে, মৃত জুলহাজের ভাগিনা মেহেদী হাসান জানিয়েছেন, তার মামা এলাকায় ব্যবসা করতেন। গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার মতিঝিল থানা থেকে ফোন দেওয়ার পর তারা তাকে খুঁজে পান।
এরআগে গত ৩ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত চলাকালে এক নারীর পাকস্থলিতে দেড় হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৯/নূর/রফিক
রাইজিংবিডি.কম