‘মামলায় না পড়লে এখন জাতীয় দলের সঙ্গে থাকতেন নাসির’
আদালতে ক্রিকেটার নাসির হোসাইন
‘ক্রিকেটার নাসির হোসাইন দেশে অনেক জনপ্রিয়। আজ এ মামলায় না পড়লে হয়তো তিনি এখন জাতীয় দলের সঙ্গে থাকতেন।’ জামিন শুনানিতে একথা বলেন আসামিপক্ষের আইনজীবী কাজী নজিব উল্ল্যাহ হিরু।
রোববার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে ডিভোর্স না হওয়া সত্ত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তার।
শুনানিতে আইনজীবী কাজী নজিব উল্ল্যাহ হিরু বলেন, ‘আসামি নাসির একজন ক্রিকেটার। তিনি তামিমাকে বিয়ে করেছেন। তালাক না দিয়ে তামিমা নাসিরকে বিয়ে করেছেন মর্মে বাদী মামলা করেন। তালাক কাজী অফিসে এন্ট্রি আছে। তালাকের নোটিশ পাঠানোর দায়িত্ব কাজীর। আর পোস্ট অফিস ডাক রশিদের কপি সংরক্ষণ করে কি করে নাই তা আসামিদের ওপর বর্তায় না। আসামি নাসির ক্রিকেটার হওয়ায় অনেক জনপ্রিয়। আজ এ মামলায় না পড়লে হয়তো তিনি এখন জাতীয় দলের সঙ্গে থাকতেন।’
নজিব উল্ল্যাহ হিরু আরও বলেন,‘আদালত সমন দিয়েছিলেন। আসামিরা স্বেচ্ছায় আদালতে এসেছেন। আসামিরা সমন অনুযায়ী স্বেচ্ছায় আসলে তাদের জামিন দেওয়া আদালতের একটি প্রাকটিস। তাদের জামিনের প্রার্থনা করছি।’
বাদী পক্ষে অ্যাডভোকেট ইসরাত হাসান জামিনের বিরোধীতা করেন। তিনি বলেন, ‘মামলায় আসামিদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা থাকলেও জামিনের আবেদনে উল্লেখ করেন নাই। আইন অনুযায়ী নোটিশ সার্ভ করার দায়িত্ব কাজীর নয়, যিনি তালাক দিবেন তার ওপর বর্তায়। ডাক রশিদ জালিয়াতির মাধ্যমে তালাক দেখানোর চেষ্টা করা হয়েছে। যা তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।’
এ আইনজীবী বলেন, ‘আসামিরা ২০১৬ সালের ডিসেম্বরে তালাক দেওয়ার কথা বলেছেন কিন্তু তদন্তে বাদী এবং আসামি তামিমা ২০১৮ এবং ২০১৯ সালে বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে থেকেছেন মর্মে উঠে এসেছে। আসামিরা সরকারি ডকুমেন্ট জাল-জালিয়াতির মাধ্যমে সৃজন করে তালাক দেখানোর চেষ্টা করেছেন। তাই আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হোক।’
উভয় পক্ষে শুনানি শেষে আদালত দশ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন এবং মামলা বিচারিক আদালতে বদলি হবে বলে জানান।
আদালতের আদেশের পর বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান জানিয়েছেন,‘তারা আসামিদের জামিন আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা করবেন।’
ঢাকা/মামুন/বুলাকী