ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গার্ডার দুর্ঘটনা: ১০ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১৯ আগস্ট ২০২২  
গার্ডার দুর্ঘটনা: ১০ জন রিমান্ডে

ফাইল ফটো

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারের চাপায় প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহতের মামলায় ১০ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসীন গাজী ১০ আসামিকে আদালতে হাজির করেন। ক্রেনচালক আল-আমিন, রাকিব ও জুলফিকারের ১০ দিন করে এবং রুবেল, মো. আফরোজ মিয়া, মো. ইফতেখার হোসেন, আজহারুল ইসলাম মিঠু, তোফাজ্জল হোসেন ওরফে তুষার, রুহুল আমিন মৃধা ও মো. মঞ্জুরুল ইসলামের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে প্রথম তিন আসামির চার দিন করে এবং পরের সাত আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।

উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক লিয়াকত আলী এসব তথ্য জানিয়েছেন।

এর আগে ১৭ আগস্ট রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ১৫ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারের চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ ৫ যাত্রী নিহত হন। তারা হলেন—মো. রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬), জাকিয়া (২) এবং ফাইজ। ভাগ্যক্রমে বেঁচে যান ওই গাড়িতে থাকা নববিবাহিত দম্পতি হৃদয় ও রিয়া। সেদিন রাতেই নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটায় ক্রেনের চালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাত ব্যক্তিদের মামলায় আসামি করা হয়েছে।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়