হলি ফ্যামিলির সেই চিকিৎসকের বিচার শুরু
রাজধানীর হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চার্জগঠন করেছেন ট্রাইব্যুনাল। এর ফলে আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বুধবার (২৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আল-মামুন আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।
এদিন ডা. সালাউদ্দিন চৌধুরী আদালতে হাজির হন। তার পক্ষে আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত ডা. সালাউদ্দিন চৌধুরীর কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ। এসময় ডা. সালাউদ্দিন চৌধুরী নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এরপর আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার রিংকি সাংবাদিকদের চার্জগঠনের তথ্য জানান।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রমনা থানায় সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষার্থী। ২৯ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে র্যাব। ৩০ ডিসেম্বর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ১৩ জানুয়ারি জামিন পান তিনি। এরপর গত ৩১ জানুয়ারি সালাউদ্দিন চৌধুরীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সালমান রহমান।
ঢাকা/মামুন/এনএইচ