ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জবি শিক্ষার্থী কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ২৮ আগস্ট ২০২২   আপডেট: ১৯:১৯, ২৮ আগস্ট ২০২২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জবি শিক্ষার্থী কারাগারে

সরকারবিরোধী লাইভ অনুষ্ঠান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার (২৮ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। নিউমার্কেট থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত  জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে বলে জানা গেছে।

এর আগে, শনিবার রাতে খাদিজাতুল কুবরাকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। ২০২০ সালের ১১ অক্টোবর নিউমার্কেট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক খাইরুল ইসলাম। এ মামলার আরেক আসামি হলেন- মেজর (অব.) দেলোয়ার হোসেন।

মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৬ মে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মাজহারুল ইসলাম। আদালত এ চার্জশিট গ্রহণ করে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সঞ্চালক গ্রেপ্তার হলেও মেজর দেলোয়ার এখনও পলাতক রয়েছেন।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়