তারেক-জোবায়দার বিরুদ্ধে আরও দুই জনের সাক্ষ্য
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আরও দুই জন সাক্ষ্য দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলার জব্দ তালিকায় এ দুই সাক্ষী দৈনিক দিনকাল পত্রিকার ক্যাশিয়ার সৈয়দ আজাদ ইকবাল ও এমরান আলী শিকদার সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্য শেষে আদালত আগামী ২৮ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।
মামলাটিতে এখন পর্যন্ত ৫৬ সাক্ষীর মধ্যে ৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে বলে জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
গত ১৩ এপ্রিল তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।
এর আগে গত ১ নভেম্বর একই আদালত তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে আনা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গত ১৯ জানুয়ারি তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন আদালত।
ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।
২০০৮ সালে তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
ঢাকা/মামুন/ইভা