শনিবারের ঘটনায় আসামি ৪৫০, গ্রেপ্তার ১০
ফাইল ছবি
শনিবার বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের অভিযোগে রাজধানীর বংশাল ও সূত্রাপুর থানায় পৃথক মামলা হয়েছে। মামলা দুটিতে আসামি করা হয়েছে ৪৫০ জনকে। ইতোমধ্যে এসব মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) দুপুরে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন বলেন, মামলার বাদি পুলিশ। দুই মামলায় আসামি সাড়ে ৪ শতাধিক নেতাকর্মী। দুই মামলায় ৫ জন করে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বংশাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বংশাল থানায় দায়ের করা মামলার আসামি ২৫ জন। মামলা নম্বর ৬৩। মামলায় অজ্ঞাত আসামি আরও অনেকে। বাদি উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার।
অন্যদিকে পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় এহাজারনামীয় আসামি করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীকে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০/৪০০ নেতাকর্মীকে। এদের মধ্যে আব্দুস সালাম আজাদসহ পাঁচজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
/মাকসুদ/এসবি/