ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হিযবুত তাহরীরের ৫ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৯ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৩১, ৯ মার্চ ২০২৫
হিযবুত তাহরীরের ৫ জন কারাগারে

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

‘মার্চ ফর খেলাফত’ কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৯ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

আসামিরা হলেন-মাসরাফি রহমান মাহি (২০), ইরফান শাহরিয়ার (২০), মো. সাইফুল ইসলাম (১৯), মো. আনাসুর রহমান (২০) ও মো. সোহেল রানা (৩৯)।

এদিন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামী ১৩ মার্চ রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।

এর আগে শনিবার (৮ মার্চ) মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৭ হিযবুত তাহরীর কর্মীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগের দিন শুক্রবার ৩ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ৭ মার্চ দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মার্চ ফর খেলাফত, হিযবুত তাহরীর, উলাইয়াহ্ বাংলাদেশ ব্যানারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা মিছিল বের করেন। এরপর তারা পল্টন মোড়ের দিকে চাইলে পুলিশ বাধা দেয়। আসামিরা পুলিশের বাধা উপেক্ষা করে পল্টন মডেল থানার এল মল্লিকের সামনে পাকা রাস্তার ওপর সরকারবিরোধী, দেশের সার্বভৌমত্বকে আঘাত করার প্রয়াসে পতাকা, ব্যানার, লাঠিসোটা নিয়ে শ্লোগান দিয়ে মিছিল করতে থাকেন। তখন পল্টন মোড় এলাকায় ডিউটিরত পুলিশ মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের প্রতি ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন। 

তখন পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ জান-মাল রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য গ্যাসগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবুও নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ অব্যাহত রাখে। এরপর আসামিদের গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত পতাকা, শ্লোগান ও আনুষঙ্গিক কার্যক্রম দেখে নিশ্চিত হওয়া যায়, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য ও সমর্থক।

এ ঘটনায় পল্টন থানায় উপপরিদর্শক রাসেল মিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

ঢাকা/মামুন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়