রাজধানীতে রাস্তার ওপর ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ
রাজধানীতে ফুটপাত ও রাস্তার ওপর দোকান, শোরুম, রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ইত্যাদির বর্ধিতাংশ উচ্ছেদে বিশেষ অভিযানে নামছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনসাধারণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করার লক্ষ্যে এ অভিযান চালানো হবে।
সোমবার ( ২৩ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ব্যবসায়ীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান/দোকান, যেমন: খাবার রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক-সামগ্রীর দোকান, আসবাবপত্রের দোকান ইত্যাদির কার্যক্রম অনেক ক্ষেত্রেই নিজস্ব দোকানের বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় সম্প্রসারণপূর্বক পরিচালিত হচ্ছে। রেস্টুরেন্টের রান্না করার বার্নার, হাড়ি-পাতিল, গ্রিল-কাবাব তৈরির মেশিন; মোটর ওয়ার্কশপের পুরাতন, নতুন টায়ার, বিভিন্ন যন্ত্রপাতি, ওয়েল্ডিং ওয়ার্কশপের খুচরা মালামাল, পোশাকের দোকানের প্রদর্শনী, আসবাবপত্রের দোকানের সামগ্রী ইত্যাদি ফুটপাত এবং রাস্তার ওপরে রাখা হয়। এমনকি, মোটর গাড়ির ওয়ার্কশপ ও পার্টসের দোকানে প্রায়ই ফুটপাত ও রাস্তার এক লেন দখল করে গাড়ি মেরামত করা হয়ে থাকে। এসব ক্ষেত্রে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে এবং পথচারীরা রাস্তায় চলাচলের ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়। এ কারণে উল্লিখিত দোকান/ওয়ার্কশপ/ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির মালিকরা যেসব ফুটপাত/রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন, তাদেরকে ফুটপাত ও রাস্তা থেকে মালামাল/সরঞ্জামাদি অনতিবিলম্বে জনস্বার্থে অপসারণের জন্য অনুরোধ করা হলো। তা না হলে আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা (কারাদণ্ড/অর্থদণ্ড/সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত ইত্যাদি) গ্রহণ করা হবে।
এ অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাকা/এমআর/রফিক