ঈদে প্রিয়জনকে দিতে পারেন ভিন্নধর্মী যেসব উপহার
ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই প্রিয়জনদের সঙ্গে মিলনমেলা। অনেকেই এই সময় বাড়ি ফিরে যান পরিবার-পরিজনের কাছে। ঘরে ঘরে চলে বিশেষ রান্নার আয়োজন, ঘরবাড়ি সাজানো হয় নতুন করে, আর ভালোবাসা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে উপহার বিনিময়।
অনেকে মনে করেন, ঈদে উপহার মানেই নতুন পোশাক। কিন্তু বাস্তবে বিষয়টি এর চেয়ে অনেক বিস্তৃত। ছোট্ট, আন্তরিক একটি উপহারও প্রিয়জনের মুখে ফুটিয়ে তুলতে পারে নির্মল হাসি। আসুন জেনে নেওয়া যাক ঈদে প্রিয়জনকে দেওয়ার মতো কিছু ভিন্নধর্মী উপহারের ধারণা—
ফুল
ফুল এমন এক উপহার, যা যেকোনো সময়ই মানানসই। ঈদুল ফিতরের দিনে একটি সুন্দর ফুলের তোড়া দিয়ে কাছের মানুষকে জানিয়ে দিতে পারেন, আপনার জীবনে তিনি কতটা গুরুত্বপূর্ণ। ফুলের সৌরভ যেমন মন ভালো করে, তেমনই আপনার আন্তরিকতাও ছুঁয়ে যাবে তার হৃদয়।
ঈদ-থিমযুক্ত মোমবাতি
ঈদ উপলক্ষে ঘরবাড়ি পরিষ্কার ও সজ্জিত করা হয়। এই সাজসজ্জায় মোমবাতি যোগ করতে পারে আলাদা আবহ। বিশেষ করে ঈদ-থিমযুক্ত মোমবাতি ঘরের পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে। প্রিয়জনকে এমন একটি মোমবাতি উপহার দিলে তা যেমন ব্যবহারিক, তেমনি নান্দনিকও।
ইনডোর প্ল্যান্ট
সম্পর্ক অনেকটা গাছের মতো—যত্ন পেলে বেড়ে ওঠে, সৌন্দর্য ছড়ায়। একটি ইনডোর প্ল্যান্ট হতে পারে যত্ন ও ভালোবাসার প্রতীক। বন্ধু বা প্রিয়জনকে গাছ উপহার দিয়ে বলতে পারেন, “আমাদের সম্পর্কও এমনই সবুজ ও সতেজ থাকুক।”
গহনা
চমকে দিতে চাইলে কাস্টমাইজড গহনার জুড়ি নেই। উপহার খুলেই প্রিয়জনের চোখে আনন্দের ঝিলিক দেখতে চাইলে এটি হতে পারে দারুণ পছন্দ। বিশেষ কোনো নাম বা স্মৃতিযুক্ত থাকলে উপহারটি হয়ে উঠবে আরও ব্যক্তিগত ও অর্থবহ।
বাড়িতে রান্না করা প্রিয় খাবার
ঈদের সময় প্রিয়জনের পছন্দের কোনো বিশেষ খাবার নিজ হাতে রান্না করে দিতে পারেন। আপনার যত্ন ও ভালোবাসা মিশে থাকা সেই খাবার শুধু তার মনই জয় করবে না, বরং মুহূর্তটিকে করে তুলবে আরও স্মরণীয়।
ঢাকা/লিপি