‘মেসির জন্য দরজা সবসময় খোলা’- পুনর্নির্বাচিত লাপোর্তার বার্তা
বার্সেলোনার সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়ে লিওনেল মেসিকে ঘিরে বড় বার্তা দিলেন হোয়ান লাপোর্তা। তিনি জানিয়েছেন, ক্লাবের দরজা সবসময়ই খোলা থাকবে আর্জেন্টাইন এই কিংবদন্তির জন্য।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পান লাপোর্তা। মোট ৪৮,৪৮০ ভোটের মধ্যে ৬৮.১৮% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে সহজেই হারান তিনি। এই জয়ের ফলে ২০৩১ সাল পর্যন্ত ক্লাব সভাপতির দায়িত্বে থাকবেন লাপোর্তা।
নির্বাচনের সময় মেসিকে কেন্দ্র করেই আলোচনার বড় অংশ ঘুরপাক খেয়েছে। বিশেষ করে ২০২১ সালে তার ক্লাব ছাড়ার ঘটনা এবং ২০২৩ সালে সম্ভাব্য প্রত্যাবর্তন না হওয়া নিয়ে লাপোর্তার সমালোচনা করেছিলেন প্রতিদ্বন্দ্বী ফন্ট। তবে নির্বাচনে সেটির কোনো প্রভাব পড়েনি।
লাপোর্তা বলেন, “মেসি বার্সেলোনার সঙ্গে সবসময় যুক্ত থাকবে। যেভাবেই সে থাকতে চায়। তার জন্য ক্লাবের দরজা সবসময় খোলা।”
তিনি আরও বলেন, “মেসি একটি সম্মাননা ম্যাচ পাওয়ার যোগ্য। তার একটি ভাস্কর্যও হওয়া উচিত। আমাদের স্টেডিয়ামে এখন পর্যন্ত কেবল ২ জন কিংবদন্তির ভাস্কর্য আছে।”
নির্বাচনের সময় সাবেক কোচ জাভি হার্নান্দেজ লাপোর্তাকে ‘মিথ্যাবাদী’ বলেও অভিযোগ তোলেন এবং দাবি করেন, ২০২৩ সালে মেসির ফেরাটা আটকে দেওয়া হয়েছিল। ফন্টও মেসিকে প্রকাশ্যে এসে সত্য বলার আহ্বান জানান। তবে পুরো বিষয়টিতে নীরব থাকেন মেসি।
বার্সেলোনার জার্সিতে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করা এই তারকা আগেও জানিয়েছেন, ভবিষ্যতে কোনো এক সময় ক্লাবে ফেরার ইচ্ছা রয়েছে তার।
লাপোর্তা জানিয়েছেন, সামনে বার্সেলোনার জন্য সেরা সময় অপেক্ষা করছে। তিনি বলেন, “আমরা একটি শক্তিশালী দল গড়ে তুলতে চাই। কোচ ফ্লিক ও ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে কাজ করে শিরোপা জিততে চাই, একই সঙ্গে সুন্দর ফুটবল খেলতে চাই।”
এছাড়া সংস্কারকৃত ক্যাম্প ন্যু স্টেডিয়ামের কাজ এগিয়ে নেওয়া এবং নারী দলের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার কথাও উল্লেখ করেন তিনি।
ঢাকা/আমিনুল