ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে ‘ফাঁকি’
দেশের পপ সংগীতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ আবারও হাজির হলেন নতুন গান নিয়ে। ‘ফাঁকি’ শিরোনামের এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী খন্দকার বাপ্পি। গানটি মুক্তি পেয়েছে খন্দকার বাপ্পির অফিসিয়ালের ইউটিউব চ্যানেলে।
জীবনের চিরন্তন সত্য, সময়ের মূল্য এবং আত্মউপলব্ধির বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি হয়েছে গানটি। ‘মন উজালা মন উতলা/ খেলছো তুমি কিসের খেলা’—এমন ভাবনামূলক কথার গানটি লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী বাপন।
গানটি নিয়ে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও, যেখানে মডেল হিসেবে দেখা গেছে বুলবুল টুম্পাকে।
গান প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ জানান, নতুনদের সঙ্গে কাজ করতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। ‘ফাঁকি’ গানটির মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে তার একটি সুন্দর মেলবন্ধন হয়েছে বলেও জানান এই শিল্পী।
ফেরদৌস ওয়াহিদের দরাজ কণ্ঠকে মাথায় রেখেই গানটির কথা সাজানো হয়েছে বলে জানান গীতিকার তারেক আনন্দ। একইসঙ্গে খন্দকার বাপ্পির গায়কিরও প্রশংসা করেন তিনি।
খন্দকার বাপ্পি বলেন, “ফেরদৌস ওয়াহিদের মতো কিংবদন্তির সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া তার সংগীত জীবনের বড় প্রাপ্তি। তার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”
সব মিলিয়ে, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ‘ফাঁকি’ গানটি ইতোমধ্যেই শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিচ্ছে।
ঢাকা/রাহাত/শান্ত