ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘জুনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম যাতায়াত মাত্র ৪ ঘণ্টায়’

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ৩০ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জুনের মধ্যে ঢাকা-চট্টগ্রাম যাতায়াত মাত্র ৪ ঘণ্টায়’

চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান অবরোধ, নাশকতা আর সহিংসতার মধ্যেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী জুন মাসের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামে মাত্র ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টায় যাতায়াত করা সম্ভব হবে।  

শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে টিভি জার্নালিস্ট অ্যাসেসিয়শন চট্টগ্রামের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

দেশের লাইফলাইন খ্যাত এই বৃহত্তম মহাসড়কের ১১১ কিলোমিটার চারলেন প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চারলেনের কাজ শুরু করা হবে।

ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের উন্নয়নে সরকার একের পর এর উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। এই উন্নয়ন কর্মকাণ্ডে ধারাবাহিকতায় আগামী মাসেই কর্ণফুলী নদীর তলদেশে টানের নির্মাণের চুক্তি সম্পন্ন করা হবে চীনের সঙ্গে।

এ ছাড়া চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে। এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা চলছে।

ওবায়দুল কাদের বলেন, কক্সবাজারের টেকনাফ থেকে মাত্র দুই কিলোমিটার সড়ক নির্মাণ করলেই বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সড়ক যোগাযোগ স্থাপিত হবে।

মিয়ানমার থেকে ১৫০ কিলোমিটারের মতো সড়ক নির্মাণ করা হলে চট্টগ্রাম থেকে সরাসরি চীনের কুনমিং পর্যন্ত সড়ক যোগাযোগ স্থাপন সম্ভব হবে।

চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক হাছান ফেরদৌস, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ।

 

 


রাইজিংবিডি/চট্টগ্রাম/৩০ জানুয়ারি ২০১৫/রেজাউল/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়