ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নির্বাচনে সমর্থকরাই খরচ করেছেন : আনিসুল হক

নাসির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২০ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনে সমর্থকরাই খরচ করেছেন : আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক : টিআইবি কিসের ভিত্তিতে রিপোর্টটি করেছে সেটি আমার জানা নেই। তবে আমি যখন নির্বাচন করি তখন একা খরচ করিনি। আমার সমর্থকরা ব্যক্তিগতভাবে খরচ করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আনিসুল হক।

 

বুধবার রাজধানী ধানমণ্ডিতে ছায়ানট ভবন মিলনায়তনে নিরাপদ নগরী, নির্ভয়ে নারী শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধন শেষে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সদ্য প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, ‘টিআইবি যে রিপোর্টটি দিয়েছে তা তারা কিসের ভিত্তিতে করেছে তা আমি জানিনা। ছোটখাট ত্রুটি থাকলেও সিটি করপোরেশন নির্বাচনে আমার খরচ ব্যয়সীমার মধ্যেই ছিল।’

 

এ সময় তিনি ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেবেন বলেও জানান।

 

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি মন্তব্য করে গত সোমবার এক প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এতে আরো বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচন কার্যত একটি দলীয় নির্বাচনে পরিণত হয়েছে। রাজনৈতিক দল থেকে প্রার্থী নির্বাচন ও সমর্থন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রার্থীদের পক্ষ থেকে দলীয় সমর্থন নেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে। দলের পক্ষ থেকে প্রার্থীদের নির্বাচন বর্জনে বাধ্য করা, সরকারের পক্ষ থেকে সরকার-সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করার জন্য সরকারি প্রতিষ্ঠান ও সংসদ সদস্যদের ক্ষমতার ব্যবহার ও প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে।

 

আচরণবিধি ও ব্যয়সীমা লঙ্ঘনেরও অভিযোগ করা হয় প্রতিবেদনটিতে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, কার্যনির্বাহী পরিষদের সদস্য মনসুর আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক, একাত্তর টেলিভিশনের বার্তা বিভাগের পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৫/নাসির/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়